মেহেরপুরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন, দুই যুবক গ্রেপ্তার

মেহেরপুরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।
আগুন ছড়িয়ে পড়ার আগেই ঘটনাস্থলে দায়িত্বরত জেলা স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি) দুই সদস্য ধাওয়া করে অভিযুক্তদের আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার মো. ইব্রাহিম ইসলাম ওরফে আকাশ (২৪) এবং শিশুবাগানপাড়ার আলী কদর ওরফে শাওন (১৯)।
খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকজন ব্যক্তি মেহেরপুর সরকারি কলেজের সীমানাপ্রাচীরের ভেতর থেকে পেট্রোলভর্তি বোতলে কাপড় পেঁচিয়ে আগুন ধরিয়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে নিক্ষেপ করে। বোতলটি স্মৃতিস্তম্ভের কাছে গিয়ে পড়ে। এ সময় আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই সাদা পোশাকে দায়িত্ব পালনরত ডিএসবি পুলিশের দুই সদস্য অভিযুক্তদের ধাওয়া করেন। পরে তাদের আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে দুজনকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে পুলিশ জানায়, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে পুলিশের তৎপরতা নিয়ে প্রশংসা তৈরি হয়েছে।






