ফুটবল

নিরাপত্তা নয়, ‘খাবার’ নিয়ে অভিযোগ করলেন ভারত কোচ

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

নিরাপত্তা নয়, ‘খাবার’ নিয়ে অভিযোগ করলেন ভারত কোচ

নিরাপত্তা নিয়ে অভিযোগ করে বাংলাদেশে খেলতে আসেনি ভারতীয় ক্রিকেট দল। তবে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে এসেছে ভারতের ফুটবল দল। দলটির কোচ নওশাদ মুসার কাছে জানতে চাওয়া হয়েছিল নিরাপত্তা ও অন্যান্য ব্যাপারগুলো ঠিক আছে কিনা। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা না থাকলেও তিনি অভিযোগ করলেন খাবার নিয়ে।

মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নওশাদ মুসা। বলেছেন, ‘আতিথেয়তার দিক থেকে সবকিছুই ঠিক আছে। তবে আমরা যে সমস্যাটির মুখোমুখি হচ্ছি তা হলো খাবার নিয়ে। আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না- আপনাকে এই খাবারই খেতে হবে।’

‘আমাদের একটি নির্দিষ্ট মেনু দেওয়া হয়েছে, যা পরিবর্তন করা হচ্ছে না। অনেক সময় খেলার পর আমাদের ভালো খাবারের প্রয়োজন হয়। বিশেষ করে ম্যাচের দিনগুলোতে খেলোয়াড়রা হয়তো খুব বেশি খায় না, তাই ম্যাচের পর তারা ভালো ডায়েট চায়। কিন্তু দেখা যায় প্রতিদিন একই খাবার দেওয়া হচ্ছে, যা বারবার ঘুরেফিরে আসছে।’

ক্রিকেট দলের না আসা প্রসঙ্গে মুসা বলেন, ‘দেখুন, এটা বিসিসিআই এবং ক্রিকেটের বিষয়, বুঝতেই পারছেন এটা কত বড় ব্যাপার। আর যখন আমরা ফুটবলের কথা বলি, আপাতত আমাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। যাতে আমরা বাইরের পরিস্থিতি বুঝতে পারি। এমনকি খেলার দিন ছাড়া অন্যদিনগুলোতেও আমাদের সাথে সর্বদা নিরাপত্তা বাহিনী ও একটি কনভয় থাকে।’

‘তাই নিরাপত্তার দিক থেকে আমাদের কোনো সমস্যা হয়নি, এ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। আর আমরা তো বাইরে যাচ্ছি না, তাই হোটেলের ভেতরেই থাকতে হচ্ছে। ঢাকা শহর উপভোগ করতে হলে তো বাইরে যেতে হবে, তাই না? কিন্তু আমাদের বাইরে যাওয়ার অনুমতি নেই, আমরা পুরো দিন হোটেলেই কাটাচ্ছি।’

বিষয়:নওশাদ মুসা বাংলাদেশে ভারত সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…