বাবাকে দেয়া কথা রেখে শেবাগপুত্রের ১৭ চার ও ৭ ছক্কায় ১৬০
ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়ান কাপ

বাবার মতোই বিধ্বংসী ব্যাটিং ছেলের, বীরেন্দ্র শেবাগের পুত্র আর্যবীর শেবাগ। ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম ম্যাচে ব্যাট খোলার সুযোগ পাননি, দল জিতেছিল আগেই। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছিল ভারত, সে ম্যাচে ভালো করতে পারেননি। গ্রুপপর্বের শেষ ম্যাচে তুলেছেন ঝড়। বাবাকে কথা দিয়েছিলেন একটি বড় ইনিংস খেলবেন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭ চার ও ৭ ছক্কায় ১৬৮ বলে করেছেন ১৬০ রান। জয়ে বড় ভূমিকা রেখেছেন আর্যবীর। এবারের এশিয়া কাপের প্রতিটি ম্যাচ সরাসরি দেখাচ্ছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।
মঙ্গলবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল আরব আমিরাত। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে ভারত। বড় ইনিংসটি খেলেন আর্যবীর। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ভিকে ভিনেথের ব্যাটে, ৬৭ রান। জবাবে ৫০ ওভার ব্যাট করে আমিরাত। ২৩৯ রানে অলআউট হয়। ৭০ রানে জিতে সেমিফাইনালের টিকিট কাটে ভারত।
ম্যাচসেরা হন আর্যবীর। জানান, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে বাবাকে বড় সেঞ্চুরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৬৮ বলে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে সেই কথা রেখেছেন।
আর্যবীর বলেছেন, ‘বড় স্কোর করতে চেয়েছিলাম। বড় ইনিংস খেলার প্রতিশ্রুতি দিয়েছিলাম একজনকে। আর সৌভাগ্যবশত তা করতে পেরেছি। সেই ব্যক্তি হলেন আমার বাবা (বীরেন্দ্র শেবাগ)। বাবাকে বলেছিলাম, একটি বড় সেঞ্চুরি করব। বাবার উত্তরাধিকার বহন করার দায়িত্ব আমার উপর আছে, কারণ তিনি বড় সেঞ্চুরি ছাড়া অন্যকিছু পছন্দ করেন না।’
ইনিংসের শুরুতে রানের খাতা খুলতে আর্যবীরের ১৪ বল লেগেছিল। পরে ৬৯ বলে ফিফটি পূর্ণ করেন। যুব ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি ১৩১ বলে পূর্ণ করেছেন।
বলেছেন, ‘উইকেটে বল কিছুটা ঘুরছিল। শুরু থেকেই দীর্ঘসময় ক্রিজে টিকে থাকার এবং অন্তত ৪০ ওভার পর্যন্ত ব্যাটিং করার সিদ্ধান্ত নেই। উইকেটে বেশকিছু চ্যালেঞ্জ ছিল। ডট বল নিয়ে চিন্তিত ছিলাম না, জানতাম পরে পুষিয়ে নিতে পারব।’
আসরের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ না হলেও শুরুটা দুর্দান্ত ছিল আর্যবীরের। নেপালের বিপক্ষে ভারতের ১০ উইকেটে জয়ে অপরাজিত ৭২ রান করেছিলেন। টুর্নামেন্টের সেমিফাইনাল গড়াবে বৃহস্পতিবার সকাল ১১টায়। যেখানে আফগানিস্তানের বিপক্ষে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।






