চ্যানেল আইয়ের জন্মদিনের কুইজে তৃষ্ণার ভাগ্যে গাড়ি

‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’- এই স্লোগানে ২৭ পেরিয়ে ২৮ বছরে পা দিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তৃষ্ণা রায়ের হাতে তুলে দেওয়া হলো পুরস্কারের গাড়ির চাবি।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে তৃষ্ণা রায়ের হাতে গাড়ির চাবি তুলে দেয় চ্যানেল আই। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, মা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহসিন খান, মহতাসিন আল রাফি এবং অভিনেতা আফজাল হোসেন।
গাড়ির চাবি হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কুইজ বিজয়ী তৃষ্ণা রায়। এত বড় একটি পুরস্কার জেতার আনন্দে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতায় অংশ নেন প্রায় দুই লাখ প্রতিযোগী। প্রতিযোগিতায় ছিল ছয়টি প্রশ্ন। ছয়টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে সক্ষম হন প্রায় দুই হাজার প্রতিযোগী। এরপর তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয় চূড়ান্ত বিজয়ী।
গত ১ অক্টোবর লটারির মাধ্যমে তৃষ্ণা রায়ের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এবার আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হলো সেই কাঙ্ক্ষিত পুরস্কার- গাড়ির চাবি।





