ন্যাটোর সদস্যপদের বিনিময়ে ইউক্রেনের দনবাস ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সংগৃহীত
ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সব সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন পক্ষ থেকে এমন সম্ভাবনার কথা তোলা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ ধরনের প্রস্তাবে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, সামরিক বাহিনীর ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য তহবিলের ব্যবস্থা থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।
বিবিসি জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন দূতদের মস্কো সফর এবং ডাবলিনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের পর শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জেলেনস্কি।
ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে দীর্ঘদিন ধরে ন্যাটোর সদস্যপদ চেয়ে আসছে কিয়েভ। অন্যদিকে রাশিয়ার দাবি, তাদের সীমান্তে ন্যাটোর আরও একটি সদস্যদেশের উপস্থিতি মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়।
জেলেনস্কি নিয়মিতই বলে আসছেন, মস্কোর দাবি সত্ত্বেও ইউক্রেন দনবাসের মতো সার্বভৌম ভূখণ্ড ছেড়ে দিতে রাজি নয়। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে বিষয়টি ভিন্নভাবে আলোচনায় এসেছে বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের জেলেনস্কি বলেন, “আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছে: ‘ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তবে কী হবে? ইউক্রেন কি তখন দনবাস থেকে সরে আসবে?’ এই প্রথমবার এমন প্রশ্ন তোলা হলো।”
তিনি আরও জানান, এমন কোনো প্রস্তাব পেলে, যেখানে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা থাকবে, সামরিক বাহিনীর ওপর কোনো বিধিনিষেধ থাকবে না এবং দেশ পুনর্গঠনের জন্য তহবিলের ব্যবস্থা থাকবে, সেটি তিনি গণভোটে দেবেন।
এর আগে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দফা আলোচনায় অংশ নেন মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ওই বৈঠকের পর বৃহস্পতিবার তারা আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গিয়ে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।
পুতিন ও ক্রেমলিন কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, যুদ্ধ নিয়ে রাশিয়ার আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ভূখণ্ড ছেড়ে দেওয়া এবং কিয়েভের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার বিষয়ে মস্কো এখনো যেসব দাবি জানাচ্ছে, তা ইউক্রেনের মেনে নিতে চাওয়ার সীমার চেয়ে অনেক বেশি।
এর আগে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা, ভূখণ্ডগত ছাড় দেওয়া এবং দেশটিকে নিরপেক্ষ থাকার নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব দিয়েছিল মস্কো। তবে ইউক্রেন এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, এ ধরনের বিধিনিষেধ মেনে নিলে ভবিষ্যতে রাশিয়ার কোনো হামলা হলে তা প্রতিহত করার সক্ষমতা দেশটির থাকবে না।
মার্কিন কর্মকর্তারা এর আগে বলেছিলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি আলোচনার টেবিলে নেই। তবে শনিবার জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের পর তার মনে হচ্ছে, ‘ন্যাটোর বিষয়টি আবারও আলোচনার সূচিতে ফিরে এসেছে’।
একই সঙ্গে আলোচনার জটিলতার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আপনারা পুতিনের মনোভাবও দেখেছেন, তাই এই আলোচনাটি অত্যন্ত কঠিন হতে যাচ্ছে।’
বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। এর মধ্যে দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কের বেশিরভাগ অংশ রয়েছে। ওই অঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সামান্য ভূখণ্ডটুকু ছেড়ে দেওয়া কিয়েভের জন্য রাজনৈতিক ও প্রতীকীভাবে বড় সিদ্ধান্ত হবে। কারণ, এর মধ্য দিয়ে কার্যত দনবাসের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
এর আগে ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড এবং ক্রাইমিয়া উপদ্বীপ পুনরুদ্ধারের কথা বলেছিলেন জেলেনস্কি। ২০১৪ সালে ক্রাইমিয়াকে নিজেদের ভূখণ্ডের অংশ করে নেয় রাশিয়া। ফলে দনবাস থেকে সেনা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশ্ন ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান ও যুদ্ধ অবসানের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।





