আন্তর্জাতিক

স্বামীর রাত জেগে গেম খেলা বন্ধে স্ত্রীর অভিনব কৌশল

স্বামীর রাত জেগে গেম খেলা বন্ধে স্ত্রীর অভিনব কৌশল

স্বামীর রাত জেগে অনলাইন গেম খেলার অভ্যাস বন্ধ করতে অভিনব উপায় বেছে নিয়েছেন চীনের এক নারী। গেমের ভেতর স্বামীর চরিত্রকে বারবার হত্যা করতে অন্য খেলোয়াড়দের অনুরোধ করেন তিনি। শেষ পর্যন্ত সফলও হয়েছেন।

সোমবার (২৯ নভেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা চেনের স্বামী লি টানা তিন রাত ভোর ৩টা থেকে ৪টা পর্যন্ত অনলাইন গেম খেলতেন। এতে চেনের ঘুমেও ব্যাঘাত ঘটছিল।

স্বামীর এই অভ্যাস বদলাতে গত ১৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য গেমারদের সাহায্য চান চেন। তার অনুরোধে সাড়া দিয়ে বেশ কয়েকজন খেলোয়াড় গেমের ভেতর লির চরিত্রকে খুঁজে বের করে বারবার হত্যা করেন।

এতে দ্বিতীয় রাতেই মধ্যরাতের আগে ঘুমাতে যান লি। চেন জানান, চলতি বছরে এত তাড়াতাড়ি কখনো ঘুমাতে যাননি তার স্বামী।

পরে আক্রমণ এড়াতে অদৃশ্য থাকার সুবিধাযুক্ত চরিত্র নিয়ে গেম খেলতে শুরু করেন লি। তবে অন্য খেলোয়াড়রা তার অবস্থান শনাক্ত করে আবারও আক্রমণ চালান।

প্রতিবেদন অনুযায়ী, এরপর থেকে রাত জেগে অনলাইন গেম খেলা বন্ধ করেছেন লি।

বিষয়:অনলাইন গেম গুয়াংডং গেমার চীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…