আন্তর্জাতিক

বন্যাকে কাজে লাগিয়ে নেপালে প্রভাব বাড়াচ্ছে ভারত, চ্যালেঞ্জে চীন

বন্যাকে কাজে লাগিয়ে নেপালে প্রভাব বাড়াচ্ছে ভারত, চ্যালেঞ্জে চীন

ছবি: সংগৃহীত।

নেপালে ভয়াবহ বন্যার পর পুনর্গঠন ও আর্থিক সহায়তা দিয়ে দেশটিতে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে ভারত। চীনের ক্রমবর্ধমান উপস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারকে গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।

মঙ্গলবার ২৪ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে নেপালে ভয়াবহ বন্যার পর প্রথম বিদেশি দেশ হিসেবে ত্রাণ সহায়তা পাঠায় ভারত। যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারেও সহযোগিতা করে দেশটি। এর ধারাবাহিকতায় সোমবার পুনর্গঠন, অবকাঠামো ও জ্বালানি খাতে ১৬২ কোটি ডলারের অনুদান ও ঋণ সহায়তা ঘোষণা করেছে নয়াদিল্লি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের জন্য দেশটিতে সফর করেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। মার্চে ক্ষমতা গ্রহণের পর এটিই ছিল তার প্রথম দ্বিপক্ষীয় সফর। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, ভারতের এই সহায়তা দেশটির ইতিহাসে কোনো একক দেশের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় আর্থিক সহায়তা।

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে নেপালের প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন। দেশটির অর্থনীতির প্রায় এক-দশমাংশের সমান এই ব্যয় মেটাতে ভারতের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

একসময় ভারত-নেপাল সম্পর্ক ঘনিষ্ঠ থাকলেও সীমান্ত বিরোধ এবং ২০১৫ সালের অবরোধকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এই সুযোগে নেপালে বাণিজ্য, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রভাব বাড়ায় চীন। গত এক দশকে দেশটির সঙ্গে নেপালের বাণিজ্য তিন গুণের বেশি বেড়েছে।

রয়টার্সের  প্রতিবেদনে আরও জানানো হয়, আগস্টের বন্যার পর চীনও নেপালকে আর্থিক সহায়তা, ত্রাণসামগ্রী এবং উদ্ধার ও ফরেনসিক বিশেষজ্ঞ পাঠিয়েছে। ফলে দেশটিতে প্রভাব বিস্তারে ভারত ও চীনের প্রতিযোগিতা আরও স্পষ্ট হয়েছে।

ভারত-নেপাল সম্পর্ক বিশেষজ্ঞ অশোক মেহতার মতে, ভারতের নতুন সহায়তা দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের পাশাপাশি নেপালে প্রধানমন্ত্রী শাহের অবস্থান শক্তিশালী করতে পারে। আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক মাইকেল কুগেলম্যানও মনে করেন, দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো উন্নয়ন সহায়তার জন্য এখনো ভারতের ওপর নির্ভরশীল।

বৈঠকে বালেন্দ্র শাহ ভারতকে ‘নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী’ হিসেবে উল্লেখ করেছেন। দুই দেশের মধ্যে শিক্ষা, স্যাটেলাইট যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়েও চুক্তি হয়েছে।

বিশ্লেষকদের মতে, নেপালকে চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া থেকে বিরত রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কে আস্থা ফিরিয়ে আনাই এখন ভারতের অন্যতম লক্ষ্য।

বিষয়:চীন নরেন্দ্র মোদি নেপাল নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…