আন্তর্জাতিক

জনসংখ্যার সংকট মোকাবেলায় প্রবীণ ও শিশুদের সেবায় জোর দিচ্ছে চীন

জনসংখ্যার সংকট মোকাবেলায় প্রবীণ ও শিশুদের সেবায় জোর দিচ্ছে চীন

দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং জন্মহার কমে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রবীণ ও শিশুদের সেবাব্যবস্থা উন্নত করতে নতুন পরিকল্পনা নিয়েছে চীন। ২০৩০ সালের মধ্যে দেশটিতে প্রবীণদের পরিচর্যা কেন্দ্রের আধুনিকায়ন এবং শিশুদের জন্য সেবাকেন্দ্র সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

সোমবার (২৩ নভেম্বর) চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক সরকারি পরিকল্পনায় এই তথ্য জানানো হয়। দেশটির নাগরিকবিষয়ক, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় পরিকল্পনাটি তৈরি করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে প্রবীণদের পরিচর্যা প্রতিষ্ঠানের মোট শয্যার ৭৩ শতাংশ নার্সিং সেবার উপযোগী করা হবে। পাশাপাশি প্রবীণদের জন্য কমিউনিটিভিত্তিক পরিচর্যা কেন্দ্রের আওতা ৭০ শতাংশে উন্নীত করা হবে। এ ছাড়া প্রায় ২ হাজার পুরোনো সরকারি নার্সিং হোম সংস্কার করা হবে।

শিশুদের পরিচর্যা ব্যবস্থার সক্ষমতা বাড়াতেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। দেশটির সব প্রিফেকচার পর্যায়ের শহরে শিশু পরিচর্যা সেবাকেন্দ্র সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। পাশাপাশি ২০২৫ সালের তুলনায় তিন বছরের কম বয়সী শিশুদের পরিচর্যা কেন্দ্রে ভর্তির হার ৬ শতাংশ পয়েন্ট বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

এই লক্ষ্যে কিন্ডারগার্টেনগুলোকে দুই থেকে তিন বছর বয়সী শিশুদের জন্য শ্রেণিকক্ষ চালু বা সম্প্রসারণে উৎসাহিত করা হবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান ও নিয়োগকর্তাকে নিজস্ব কর্মস্থলে শিশু পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে কেন্দ্রীয় বাজেট, স্থানীয় সরকারের বিশেষ বন্ড এবং বাণিজ্যিক ঋণের অর্থ ব্যবহার করা হবে। পাশাপাশি প্রবীণ পরিচর্যা কেন্দ্রগুলোর অগ্রিম ফি আদায়ের ওপর নজরদারি বাড়ানো হবে, যাতে আর্থিক প্রতারণা ঠেকানো যায়।

উল্লেখ্য, জন্মহার বাড়াতে সাম্প্রতিক বছরগুলোতে পরিবারকে আর্থিক সহায়তা, শিশু পরিচর্যা সুবিধা এবং সন্তান জন্মদানের চিকিৎসা ব্যয় কমানোর মতো নানা পদক্ষেপ নিয়েছে চীন। এরপরও দেশটিতে জন্মহার কমছে। ২০২৫ সালে টানা চতুর্থ বছরের মতো চীনের জনসংখ্যা কমেছে এবং জন্মহার নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। জনসংখ্যাবিদদের আশঙ্কা, ২০২৬ সালেও এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রথমবারের মতো চীনে প্রবীণদের ওপর নির্ভরশীলতার হার শিশুদের ওপর নির্ভরশীলতার হারকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ দেশটির কর্মক্ষম জনগোষ্ঠীকে এখন শিশুদের তুলনায় বেশি প্রবীণের দায়িত্ব বহন করতে হচ্ছে।

বিষয়:চীন জনসংখ্যার সংকট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…