‘তিন মাসের মধ্যে বিচার শেষ হবে’, আদালতে অপ্রতিমের বাবার প্রত্যাশা
১৪ ডিসেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর নির্দেশ আদালতের

কুমিল্লার ১৩ বছর বয়সী অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার। তিনি আশা করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিশ্রুতি অনুযায়ী তিন মাসের মধ্যে মামলার বিচার শেষ হবে।
রোববার (২৯ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলার প্রথম চার্জ শুনানি শেষে সাংবাদিকদের কাছে এ প্রত্যাশার কথা জানান তিনি।
এদিন মামলার দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে ভার্চ্যুয়ালি অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন আদালত। ওই দিন থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর নির্দেশও দেওয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এ আদেশ দেন।

মামলার সরকারি কৌঁসুলি মো. বদিউল আলম সুজন সাংবাদিকদের জানান, দুই অপ্রাপ্তবয়স্ক আসামি গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় আদালতে সরাসরি উপস্থিত হতে পারেনি। এ কারণে তাদের বিরুদ্ধে ভার্চ্যুয়ালি অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।
এদিকে বিচারক অনুপস্থিত থাকায় প্রাপ্তবয়স্ক দুই আসামির শুনানি আজ অনুষ্ঠিত হয়নি।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।





