শরীয়তপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে নিহত বেড়ে ২

বাঁয়ে নিহত ইব্রাহিম সিপাহি ও ডানে নিজাম মৃধা। ছবি: সংগৃহীত
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
রোববার (২৯ নভেম্বর) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নিজামউদ্দিন মৃধা (৪০) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নিজামউদ্দিন শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, তিনি দলটির একজন কর্মী ছিলেন।
এর আগে একই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইব্রাহিম সিপাহী (৩০) নামে যুবলীগের এক কর্মী। তিনি শরীয়তপুর সদর উপজেলার বাসিন্দা।
রোববার পদ্মা সেতু সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনাস্থল জাজিরা থানার আওতাধীন হওয়ায় ওই থানা থেকেই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের পর পদ্মা সেতু এলাকা ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে পুলিশের টহল অব্যাহত রয়েছে।






