প্রধানমন্ত্রীত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু

ইসরায়েলে নতুন সরকার গঠনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর মধ্যেই ক্ষমতা ধরে রাখতে নতুন কৌশল নিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
তবে শর্ত হিসেবে নতুন সরকারে বিকল্প প্রধানমন্ত্রীর দায়িত্ব এবং পরবর্তী সময়ে আবারও সরকারপ্রধান হওয়ার সুযোগ চেয়েছেন।
নেতানিয়াহুর এই প্রস্তাবকে তার দীর্ঘ রাজনৈতিক আধিপত্য অবসানের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে তাকে ক্ষমতা থেকে সরাতে বিকল্প জোট গঠনের আলোচনা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন আইজেনকট। আগামী সপ্তাহের শুরুতেই এ বিষয়ে সমঝোতা হতে পারে।
শনিবার (২৮ নভেম্বর) নেতানিয়াহু বলেন, জাতীয় ঐক্যের সরকারে তার নেতৃত্ব দেওয়াই স্বাভাবিক। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির ক্ষেত্রেও প্রথমে তার দায়িত্ব পাওয়া উচিত। তবে দেশের নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে বিসর্জন দিতে প্রস্তুত রয়েছেন তিনি।
নতুন সরকারের মেয়াদের শুরুতে আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার পাশাপাশি নিজে বিকল্প প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের প্রস্তাব দেন নেতানিয়াহু।
সরকার গঠন নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে রোববার সকালে দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিকল্প জোট গঠনের পথে আইজেনকট
নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসতে রাজি হলেও বিকল্প সরকার গঠনের বিষয়ে অনেক দূর এগিয়েছেন বলে জানিয়েছেন আইজেনকট।
তার অভিযোগ, গত সপ্তাহে গোপন মাধ্যমে নেতানিয়াহুর দল লিকুদের কাছে বিস্তারিত প্রস্তাব পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে আলোচনার একাধিক উদ্যোগও প্রত্যাখ্যান করেছে দলটি।
প্রায় এক মাস আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এরপর থেকেই নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে বিরোধী দলগুলো। ইতোমধ্যে কয়েকটি দলের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতাও হয়েছে।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নতুন সরকার অনুমোদন পেলে পরবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন হোয়াইট হাউসের কর্মকর্তারাও।
নেতানিয়াহুর প্রস্তাবে বিরোধীদের সন্দেহ
ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবকে আরব রাজনৈতিক দলগুলোর সরকারি প্রভাব ঠেকানোর উদ্যোগ হিসেবে তুলে ধরেছেন নেতানিয়াহু। তার আশঙ্কা, আরব দলগুলোর সমর্থনে গঠিত সরকার ইসরায়েলের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
তবে বিরোধী নেতারা মনে করছেন, রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ায় নতুন কৌশল নিয়েছেন নেতানিয়াহু।
বিরোধী জোটের অন্যতম নেতা ইয়ার লাপিদ এই প্রস্তাবকে ‘স্পষ্ট প্রতারণা’ বলে অভিহিত করেছেন। অতীতে রাজনৈতিক সহযোগীদের সঙ্গে করা চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে নেতানিয়াহুকে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিরোধীদের আশঙ্কা, ক্ষমতা ভাগাভাগির পরিবর্তে আইজেনকটের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করাই নেতানিয়াহুর প্রকৃত উদ্দেশ্য হতে পারে।
নতুন সরকারে কারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ পদ
সম্ভাব্য জোট সরকারের মন্ত্রণালয় বণ্টন নিয়েও আলোচনা অনেক দূর এগিয়েছে। ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।
মধ্য বামপন্থী ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়ার গোলানকে জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়া এই নেতার নিয়োগ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ন্ত্রণে নীতিগত পরিবর্তন আনতে পারে।
অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংখ্যাগরিষ্ঠতা অর্জনে গুরুত্বপূর্ণ আরব দল
নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসনের সমর্থন। বিরোধী জোটের চারটি ইহুদি নেতৃত্বাধীন দলের সম্মিলিত আসনসংখ্যা ৪৮।
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে আট আসনের আরব-ইসরায়েলি দল রা’আম এবং সাত আসনের ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থন পাওয়ার চেষ্টা চলছে। তবে দল দুটি সরাসরি সরকারে যোগ না দিয়ে বাইরে থেকে সমর্থন দিতে পারে।
এদিকে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণার বিষয়ে সম্মতির কথা জানিয়েছেন রা’আম নেতা মানসুর আব্বাস। এটি ছিল আইজেনকটের অন্যতম প্রধান শর্ত। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলে বিকল্প জোট সরকার গঠনের পথে বড় একটি বাধা দূর হতে পারে।





