আদালত

১২ দিনের রিমান্ড শেষে আবারও রিমান্ডে সাঈদ খোকন

১২ দিনের রিমান্ড শেষে আবারও রিমান্ডে সাঈদ খোকন

ছবি: সংগৃহীত

২০২৪ সালের গণঅভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ নভেম্বর) সাঈদ খোকনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. সুজন হক অভিযোগ করেন, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্র সরবরাহে সাঈদ খোকনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

তদন্ত কর্মকর্তার দাবি, আগের দুই দফায় ১২ দিনের রিমান্ডে সাঈদ খোকন মামলার গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেছেন। বিভিন্ন সময়ে অসংগত তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। পলাতক আসামিদের অবস্থান সম্পর্কেও কোনো তথ্য দেননি।

তার দেওয়া তথ্য যাচাই, পলাতক আসামিদের অবস্থান শনাক্ত এবং মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। ওই দিন আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৪ নভেম্বর দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয় তাকে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর আবদুল মোতালিব। এ ঘটনায় ২৬ আগস্ট তার বাবা আবদুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। সাঈদ খোকন এ মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি।

বিষয়:তৃতীয় দফা রিমান্ড সাবেক মেয়র সাঈদ খোকন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…