সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) যাত্রী ও যানবাহনের নিরাপত্তাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করে এ সিদ্ধান্ত নিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। তারা জানিয়েছে, রোববার সকাল থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
ইমাদ পরিবহনের কাউন্টার ম্যানেজার সুকুমার জানান, ইমাদ, টুঙ্গিপাড়া, সোহাগ, এমআর ও এসপি গোল্ডেনসহ বিভিন্ন পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রুট পারমিট থাকায় আরিচা হয়ে ঢাকাগামী কিছু পরিবহন চলাচল করছে।
তিনি আরও জানান, আগামী ১ ডিসেম্বর বাস চলাচলের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানা যাবে।
সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মামুন হোসেন জানান, যশোর, খুলনা, আশাশুনি ও শ্যামনগর রুটে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। জেলার অভ্যন্তরে লকডাউনের কোন প্রভাব নেই বলেও জানান তিনি।





