বিশ্বের স্বর্ণ বাজারে চীনের আধিপত্য
উৎপাদন ৩৮৪ টনের বেশি

ছবি: সংগৃহীত
বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ চীন। মূল্যবান এ ধাতু শুধু অলংকার ও বিনিয়োগের মাধ্যম নয়, বরং একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক শক্তিরও গুরুত্বপূর্ণ সূচক। সোনা উৎপাদনের পাশাপাশি ভোগের দিক থেকেও বিশ্বের শীর্ষে রয়েছে চীন।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরে চীন ৩৮৪ দশমিক ৩ টন সোনা উৎপাদন করেছে। এর আগের বছর ২০২৪ সালে দেশটির উৎপাদন ছিল ৩৮০ দশমিক ২ টন। দুই বছরেই বিশ্বের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশের অবস্থান ধরে রেখেছে চীন।
চীন মূলত দুই ধরনের কাঁচামাল থেকে সোনা উৎপাদন করে। এর একটি হলো নিজস্ব খনি থেকে উত্তোলিত আকরিক এবং অন্যটি বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল।
চীনের পণ্যবাজারবিষয়ক তথ্য ও পরামর্শক প্রতিষ্ঠান সানসার্স গত ৫ নভেম্বর চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যানের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) দেশটিতে দেশীয় ও আমদানি করা কাঁচামাল থেকে মোট ৩৪৭ দশমিক ৯৯ টন সোনা উৎপাদিত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে ১১ দশমিক ৪৪ শতাংশ।
চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের ৪ নভেম্বর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে চীনের নিজস্ব কাঁচামাল থেকে ২২০ দশমিক ৯৩৫ টন এবং আমদানি করা কাঁচামাল থেকে ১২৭ দশমিক শূন্য ৫৫ টন সোনা উৎপাদিত হয়েছে।
অন্যদিকে ভোক্তা হিসেবে ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে চীনে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন সোনা ব্যবহৃত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় ব্যবহার বেড়েছে শূন্য দশমিক ২৮ শতাংশ।
এর মধ্যে গয়না তৈরিতে ব্যবহৃত হয়েছে ১৭৮ দশমিক ৬১২ টন সোনা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৮৬ শতাংশ কম। বিপরীতে সোনার বার ও কয়েন কেনায় ব্যবহার হয়েছে ৪৪৪ দশমিক ৫৭৬ টন, যা বেড়েছে ২৬ দশমিক ২৬ শতাংশ। সাধারণত বিনিয়োগের উদ্দেশ্যে চীনের মানুষ সোনার বার ও কয়েন কেনেন।
এ ছাড়া শিল্পসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়েছে ৬১ দশমিক ৪৩৪ টন সোনা। এ খাতে ব্যবহার আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১ দশমিক ৪১ শতাংশ।
চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে চীনে সোনার দাম প্রথমে বাড়লেও পরে কমেছে। তবে সামগ্রিকভাবে দাম উচ্চপর্যায়েই ছিল। স্বল্প মেয়াদে দামের ওঠানামা বেড়ে যাওয়ায় সোনার বাজারে ঝুঁকিও বেড়েছে।
চীনের সবচেয়ে বড় পাঁচটি সোনার খনি
যুক্তরাজ্যভিত্তিক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান গ্লোবালডেটার খনি ও প্রকল্পবিষয়ক তথ্যভান্ডার অনুযায়ী, বিশ্বে বর্তমানে ১ হাজার ৩৫২টির বেশি সোনার খনি চালু রয়েছে। এর মধ্যে ১১৭টি চীনে অবস্থিত।
প্রতিষ্ঠানটির ২০২৩ সালের উৎপাদনসংক্রান্ত তথ্য অনুযায়ী, উৎপাদনের ভিত্তিতে চীনের শীর্ষ পাঁচটি সোনার খনি হলো:
১. শাসি কপার মাইন
চীনের আনহুই প্রদেশে অবস্থিত ভূগর্ভস্থ এ খনির মালিক টংলিং ননফেরাস মেটালস গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে প্রায় ৬ লাখ ৪৯ হাজার ১৮০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে।
২. ইশিংঝাই গোল্ড মাইন
শানসি প্রদেশে অবস্থিত এ খনির মালিক জিজিন মাইনিং গ্রুপ। ভূগর্ভস্থ খনিটি থেকে ২০২৩ সালে প্রায় ১ লাখ ৯২ হাজার ২৪০ আউন্স সোনা উৎপাদিত হয়। ২০৩৯ সাল পর্যন্ত খনিটি চালু থাকার কথা রয়েছে।
৩. সানশানদাও গোল্ড মাইন
শানদং প্রদেশে অবস্থিত এ খনির মালিক শানদং গোল্ড গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে প্রায় ১ লাখ ৮৯ হাজার ১৬০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত খনিটি চালু থাকার কথা রয়েছে।
৪. জিয়াওজিয়া গোল্ড মাইন
শানদং প্রদেশের এ ভূগর্ভস্থ সোনার খনির মালিকও শানদং গোল্ড গ্রুপ। ২০২৩ সালে এখান থেকে প্রায় ১ লাখ ৭১ হাজার ৪৭০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। খনিটি ২০২৬ সাল পর্যন্ত চালু থাকার কথা রয়েছে।
৫. দে শিং মাইন
চীনের জিয়াংসি প্রদেশে অবস্থিত উন্মুক্ত এ খনির মালিক জিয়াংসি কপার। ২০২৩ সালে খনিটি থেকে প্রায় ১ লাখ ৬৫ হাজার ২৩০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৫০ সাল পর্যন্ত খনিটি চালু থাকার কথা রয়েছে।






