দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস, ৫ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করল বাংলাদেশ

সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ধস দেখেছে বাংলাদেশ। কাগিসো রাবাদা ও সিমন হার্মারের তোপে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। আলোকস্বল্পতায় চতুর্থদিনের খেলা শেষ হয় নির্ধারিত সময়ের আগেই। তার আগে কেবল একশ রান তুলতে পেরেছে টিম টাইগার্স।
দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টসে জিতে রোববার আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১০১.২ ওভারে ৪০০ রানে থেমেছে প্রথম ইনিংস। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এটি। আগের সর্বোচ্চ ছিল ৩২৬ রান, ২০১৫ সালে চট্টগ্রামে। জবাবে নেমে ১২৪.১ ওভারে ৫৫৭ রানে থামে প্রোটিয়ারা। ১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রান তুলেছে বাংলাদেশ। এখনও প্রোটিয়াদের থেকে ৫৭ রান পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল। মুশফিকুর রহিম ৫ এবং লিটন দাস ১২ রানে পঞ্চম দিনের খেলা শুরু করবেন।
দ্বিতীয় ইনিংসে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩২ রান করেন মাহফিজুল ইসলাম রবিন। ২৩ রান করেন তাওহীদ হৃদয়। শান্তর ব্যাট থেকে আসে ১১ রান। তানজিদ তামিম ৪ এবং মুমিনুল হক ১ রানে আউট হন।
প্রোটিয়া বোলারদের মধ্যে কাগিসো রাবাদা ও সিমন হার্মার দুটি করে উইকেট নেন। মার্কো জানসেন নেন এক উইকেট।
এদিন জোহানেসবার্গে অসাধারণ কীর্তি গড়েছেন লিটন কুমার দাস। ব্যাটে সেঞ্চুরির পর উইকেটের পেছনে দাঁড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছেন টাইগার তারকা। বিশ্বের একমাত্র উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্টে এক ইনিংসে ৮টি ডিসমিসাল (উইকেট পতনে ভূমিকা রাখা) করে রেকর্ড গড়েছেন। আগে যৌথভাবে পাঁচজন উইকেটরক্ষক ৭টি ডিসমিসাল করে শীর্ষে ছিলেন। পেছনে ফেলেছেন ওয়াসিম বারি, বব টেলর, ইয়ান স্মিথ, রিডলি জ্যাকবস এবং জশুয়া ডি সিলভাকে। তাদের মধ্যে সর্বশেষ রেকর্ডটি গড়েছিলেন সিলভা, ২০২৩ সালে।
একইসঙ্গে একমাত্র উইকেটরক্ষক ব্যাটার হিসেবে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি ৮ ডিসমিসাল ঘটিয়ে লিটন আরও একটি অনন্য মাইলফলক তৈরি করেছেন। এর আগে ডেনিস লিন্ডসে (১৯৬৬) এবং এবি ডি ভিলিয়ার্স (২০১৩) এক ইনিংসে সেঞ্চুরি করার পাশাপাশি ছয়টি ডিসমিসাল ঘটিয়েছিলেন। তাদের সেই কীর্তিও ছিল জোহানেসবার্গে।
লিটনের রেকর্ডের দিনে হাসান মাহমুদও গড়তে পারতেন বিশ্বরেকর্ড। তবে তা হল না টাইগার পেসারের। ড্যান প্যাটারসনকে বোল্ড করে নিজের পঞ্চম উইকেট নেয়ার উল্লাসে মেতেছিলেন। তবে ওভারস্টেপিং কারণে নো বলের সিগন্যাল দেন আম্পায়ার। এরপর প্যাটারসনকে হাসানের ক্যাচ বানিয়ে ফেরান ইবাদত হোসেন। তাতে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে ভিন্ন ৬টি দেশে নিজের প্রথম ৫ উইকেট নেয়া হল না হাসানের। এই কীর্তিটা ছিল কেবল অস্ট্রেলিয়া স্পিনার নাথান লায়নের।
লিটনের বিশ্বরেকর্ডের দিনে অবশ্য ভালো অবস্থানে আছে সাউথ আফ্রিকা। মার্কুয়েজ অ্যাকারম্যান ও রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সাড়ে পাঁচশোর বেশি সংগ্রহ পেয়েছে তারা। দেড়শ রানের বেশি পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে বাংলাদেশ। সময় বাকি এখনও ২ সেশন ও পঞ্চম দিন।
৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে সাউথ আফ্রিকা। রিকেলটন ৫৬ রানে এবং কাগিসো রাবাদা ৫ রানে ব্যাটে নামেন। অষ্টম উইকেটে দুজনে ১১২ রানের জুটি গড়েন। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নেন রিকেলটন। ১১৩.১ ওভারে দলীয় ৪৯৩ রানে রিকেলটনকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ১৬৫ বলে ১০২ রান করেন। ১১৫.৪ ওভারে কাগিসো রাবাদাকে দ্বিতীয় শিকার বানান। ৯৩ বলে ৭২ রান করেন রাবাদা।
দশম উইকেট জুটিতে ডেন প্যাটারসনকে নিয়ে ৪৫ রান তোলেন টেম্বা বাভুমা। প্যাটারসন ২৯ রান করে আউট হন, বাভুমা অপরাজিত থাকে ৬৮ রানে। এছাড়া প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে ১৫৭ রান করেন মার্কুয়েজ অ্যাকারম্যান, ৮৩ রান করেন জুবায়ের হামজা।
বাংলাদেশ বোলাদের হয়ে হাসান ৪ উইকেট, তাসকিন ও মিরাজ ২ উইকেট করে এবং মুমিনুল ও ইবাদত নেন একটি করে উইকেট।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সেঞ্চুরি করেন দুজন। তাওহীদ হৃদয় ২২৭ বলে ১৩৭, লিটন দাস ১৭৯ বলে ১২০ রান করেন। তানজিদ তামিম করেন ১০৮ বলে ৬৭ রান।
প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে রাবাদা ৫ উইকেট, ডেন পিটারসন ৪ উইকেট এবং মার্কো জানসেন নেন এক উইকেট।





