বাংলাদেশ

নিষিদ্ধ আওয়ামী লীগের আন্তদেশীয় সহিংসতার নিন্দা সাবেক উপদেষ্টাদের

নিষিদ্ধ আওয়ামী লীগের আন্তদেশীয় সহিংসতার নিন্দা সাবেক উপদেষ্টাদের

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আন্তদেশীয় সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ১৪ উপদেষ্টা। বিবৃতিতে গত ১৬ নভেম্বর লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও তার সহকর্মীদের ওপর হামলার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা হামলা ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সাবেক উপদেষ্টারা এ আহ্বান জানান। নাহিদ ইসলাম ও তার সহকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

‘লন্ডনে আন্তদেশীয় সহিংসতা ও বাংলাদেশজুড়ে ক্রমবর্ধমান হামলার নিন্দা’ শীর্ষক বিবৃতিতে তারা বলেন, লন্ডনের ঘটনা বিচ্ছিন্ন কোনো হামলা নয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের সমন্বিত সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার অংশ এটি।

বিবৃতিতে বলা হয়, লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত ১০ জন ব্রিটিশ নাগরিক আহত হন। তাদের কয়েকজনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়। সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং তার সহকর্মীদের গুরুতর শারীরিক ক্ষতি করার উদ্দেশ্যে হামলাটি চালানো হয়েছিল বলে দাবি করেন সাবেক উপদেষ্টারা।

তাদের অভিযোগ, বাংলাদেশেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছেন। সম্প্রতি পুলিশ স্টেশন এবং নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বেসামরিক মানুষের ওপর হামলা, বিভিন্ন স্থাপনায় বোমা বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় প্রাণহানির কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের তিন ডজনের বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তোলেন তারা।

সাবেক উপদেষ্টারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগসহ প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে লন্ডনের হামলার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করে হামলাকারী, পরিকল্পনাকারী ও উসকানিদাতাদের যুক্তরাজ্যের আইনে বিচারের আওতায় আনার দাবি জানান।

পাশাপাশি যুক্তরাজ্যের ভূখণ্ড যেন পলাতক ব্যক্তিদের সহিংস কর্মকাণ্ড পরিচালনা বা সংগঠিত করার নিরাপদ আশ্রয়স্থল হয়ে না ওঠে, তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারকে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা হামলা ও পরিকল্পিত আক্রমণের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের সাবেক নেতাদের বিচারও দ্রুত শেষ করার দাবি জানান তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন সাবেক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, ড. এম ফওজুল কবির খান, সি আর আবরার, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ফারুক ই আজম, ফরিদা আখতার, শারমীন সোনিয়া মুরশিদ, শেখ বশির উদ্দিন, ড. এ এফ এম খালিদ হোসেন, মোস্তফা সরয়ার ফারুকী, নুরজাহান বেগম ও সৈয়দা রিজওয়ানা হাসান।

বিষয়:আওয়ামী লীগ এনসিপি জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…