লাইফস্টাইল

টাক মাথায় শতভাগ চুল গজাবে ইলেক্ট্রনিক চিরুনিতে!

টাক মাথায় শতভাগ চুল গজাবে ইলেক্ট্রনিক চিরুনিতে!

চুল পড়া রোধ ও নতুন চুল গজাতে সাহায্য করার জন্য ‘ডিট্যাঙ্গল’ নামের একটি পরীক্ষামূলক ইলেকট্রনিক চিরুনি তৈরি করেছেন চীনের বেইহ্যাং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।

মূলত পুরুষদের মাথার চুল কমে যাওয়ার সমস্যা (অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া) দূর করতেই এটি উদ্ভাবন করা হয়েছে।

‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, এই ডিভাইসটি চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর যান্ত্রিক পদ্ধতির পাশাপাশি ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এবং নির্দিষ্ট স্থানে ওষুধ পৌঁছে দেওয়ার প্রযুক্তি একসঙ্গে কাজে লাগিয়ে হেয়ার ফলিকল বা চুলের গোড়ায় উদ্দীপনা জোগায়।

জীবদ্দশায় প্রায় ৮০ শতাংশ পুরুষই এই ধরনের চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন, যা তাদের মানসিক ও স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে।

নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত ‘কম্বিং-ট্রিগারড ইলেকট্রোস্টিমুলেশন সিঙ্ক্রোনাইজিং ডিপ ডেলিভারি ফর র‍্যাপিড হেয়ার রিগ্রোথ ইন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া’ শীর্ষক গবেষণায় নতুন এই আবিষ্কারের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

এই চিরুনির বিশেষত্বের মধ্যে রয়েছে ইলেকট্রনিক দাঁত, যেগুলোতে ভিন্ন উচ্চতার ইলেকট্রোড এবং ওষুধ ধারণক্ষমতা সম্পন্ন অণু যুক্ত রয়েছে। এগুলো চুলের গোড়ার চারপাশের এলাকায় একটি কার্যকর বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে চুল দ্রুত গজাতে সহায়তা করে।

ইঁদুরের ওপর চালানো পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, চুল পড়ার চিকিৎসায় বহুল ব্যবহৃত ‘রগেইন’-এর মূল উপাদান মিনক্সিডিলের চেয়ে এই পদ্ধতিটি অনেক বেশি কার্যকর।

গবেষণায় গবেষকরা জানিয়েছেন, প্রচলিত টপিক্যাল মিনক্সিডিল চিকিৎসার তুলনায় এই সিস্টেমটি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ায় আক্রান্ত ইঁদুরের চুল পুনরুদ্ধারের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। সাধারণ ওই ওষুধে চুল গজানোর হার যেখানে প্রায় ৭০ শতাংশ ছিল, এই নতুন পদ্ধতিতে মাত্র এক মাসেই তা প্রায় ১০০ শতাংশে পৌঁছে গেছে।

পুরুষদের টাক পড়ার বর্তমান চিকিৎসাগুলোর বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে।

যেমন-মাথায় ব্যবহারের ‘মিনক্সিডিল’ লোশনের কার্যকারিতা দেখতে এক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে এবং এটি নিয়মিত ব্যবহার করতে হয়। এছাড়া এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মাথাব্যথা ও মাথার ত্বকে অস্বস্তি বা চুলকানি হতে পারে।

অন্যদিকে, ‘প্রপেশিয়া’ নামে পরিচিত ‘ফিনাস্ট্রাইড’ ওষুধটি চুল পড়ার শুরুর দিকে বেশ কার্যকর হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে বিষণ্নতা এবং যৌন সমস্যা দেখা দিতে পারে।

আর হেয়ার ট্রান্সপ্লান্ট বা চুল প্রতিস্থাপন পদ্ধতিটি কার্যকরী হলেও এটি বেশ ব্যয়বহুল, কষ্টদায়ক এবং অস্ত্রোপচার নির্ভর।

তবে সমস্যা হলো, ‘ডিট্যাঙ্গল’ চিরুনিটি এ পর্যন্ত কেবল ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছে। মানুষের শরীরেও একই রকম ভালো ফল পাওয়া যাবে কি না, তার এখনও কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। তাই মানবদেহে এই ডিভাইসের কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই করতে আরও অনেক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

বিষয়:ইলেক্ট্রনিক চিরুনি চুল গজা প্রপেশিয়া মিনক্সিডিল রগেইন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…