ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে দারুণ এক রেকর্ড সঙ্গী করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। ষষ্ঠ অজি ব্যাটার হিসেবে টি-টুয়েন্টিতে এক ওভারে ৩০ রান নেয়ার কীর্তি গড়েছেন। ২৮ রানে জয় পেয়ে ১-০তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
সাউদাম্পটনে দ্য রোজ বোল স্টেডিয়ামে টসে জিতে আগে বল করতে নামে ইংল্যান্ড। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন বাঁহাতি পেসার স্যাম কারেন। তাকে বড় তিনটি ছক্কা এবং তিনটি চার মারেন হেড। ওভারে ৩০ রান নিয়ে তিনি ঢুকে পড়েন রিকি পন্টিং, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চদের দেশি এলিট কাতারে।
অস্ট্রেলিয়ার হয়ে এক ওভারে ৩০ রানের কীর্তি আগে ছিল পাঁচ ব্যাটারের। সাবেক অধিনায়ক রিকি পন্টিং, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিস্টিয়ান এবং মিচেল মার্শের ছিল। সবশেষ হেড যোগ দিলেন তাদের তালিকায়।
হেড এবং ম্যাথু শর্টের দারুণ শুরুতে নির্ধারিত ওভার শেষে ১৭৯ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ১৫১ রান তুলতে সবগুলো উইকেট হারিয়ে ইনিংস শেষ করে থ্রি লায়ন্সরা। ২৮ রানে জয় পায় মিচেল মার্শের দল।







