ক্রিকেট

স্মিথের ক্যাচের সময় কেন অন্যদিকে তাকিয়ে ছিলেন বাভুমা

স্মিথের ক্যাচের সময় কেন অন্যদিকে তাকিয়ে ছিলেন বাভুমা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরে তিন ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয়টিতে জিতে সমতায় ফিরেছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে অজিদের কোন সুযোগই দেয়নি টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্যাট কামিন্সদের হারিয়েছে ইনিংস ও ৩১ রানের ব্যবধানে। সবকিছু ছাপিয়ে আলোচনায় স্টিভেন স্মিথের একটি ক্যাচ, কাগিসো রাবাদার বলে সেটি তালুবন্দি করেন ম্যাথু ব্রিটজকে। সেসময় মাঠের অন্যদিকে তাকিয়ে ছিলেন টেম্বা বাভুমা। কেন এমন করেছিলেন প্রোটিয়া অধিনায়ক, পরে খোলাসা করেছেন।

সাউথ আফ্রিকার সেন্ট জর্জেস পার্কে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কামিন্স। প্রথম ইনিংসে ৩৩৪ বলে ১৭৯ রান করেন বাভুমা, সুবাদে ৪২৫ সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা। জবাবে ৯৯ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় অজিরা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি অজিরা, ২৯৫ রানে অলআউট হয়।

দ্বিতীয় ইনিংসে অজিদের ব্যাটিংয়ের সময় বাভুমার একটি ঘটনা বেশ আলোচিত হয়েছে। রাবাদার বলে ক্যাচ তুলে দেন অজিদের অভিজ্ঞ তারকা স্মিথ, জমা পড়ে ব্রিটজকের হাতে। সেসময় সেন্ট জর্জেস পার্কে বেশ বাতাস ছিল, ক্যাচ নিতে তাকে বেশ বেগ পেতে হয়। প্রথম দফায় বল ফসকে গেলেও দ্বিতীয় প্রচেষ্টায় লুফে নেন প্রোটিয়া ফিল্ডার। পুরো মুহূর্তে বেশ চিন্তিত হয়ে মাঠের অন্যদিকে তাকিয়ে থাকেন সাউথ আফ্রিকা অধিনায়ক বাভুমা।

পরে বাভুমা জানান কেন অন্যদিকে তাকিয়েছে ছিলেন। বলেছেন, ‘সেই মুহূর্তে খুবই উদ্বিগ্ন ছিলাম। সেন্ট জর্জেসের মতো জায়গায় উঁচুতে ওঠা বল ধরা বেশ কঠিন। বিশেষ করে যখন এমন বাতাস বইছিল। বলের নিচে কে ছিল তা দেখতে পাইনি, তার মানে এমনও নয় যে সেই খেলোয়াড়ের উপর আমার আস্থা ছিল না। আসলে, ম্যাচের প্রেক্ষাপটে সেটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। স্টিভেন স্মিথ, আমরা জানি তাদের ব্যাটিং লাইনআপে তিনি কতটা গুরুত্বপূর্ণ একজন। আর পুরো ম্যাচের জন্যই তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

শেষপর্যন্ত তিন রান করে ফিরতে হয় স্মিথকে। ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি অজিরা। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা এখন। তৃতীয় টেস্ট গড়াবে মঙ্গলবার।

বিষয়:অস্ট্রেলিয়া টেম্বা বাভুমা দ্বিতীয় টেস্ট সাউথ আফ্রিকা সেন্ট জর্জস পার্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…