আন্তর্জাতিক

অভিযোগের পর দিল্লি পুলিশ সদস্যদের শরীরে বডিক্যাম

অভিযোগের পর দিল্লি পুলিশ সদস্যদের শরীরে বডিক্যাম

ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে অভিযোগ ওঠার পর ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থায় নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার (ইসিআই) কার্যালয়ের সামনে বিরোধী দলগুলোর বিক্ষোভ ঘিরে দায়িত্ব পালন করা দিল্লি পুলিশের সদস্যদের শরীরে বডিক্যাম লাগানো হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এর কয়েক দিন আগে মধ্য দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভ চলাকালে তিন নারী সাংবাদিক পুলিশ সদস্যদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। তাদের একজন অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভের সময় সহকারী পুলিশ কমিশনার (এসিপি) বিবেক ভগত তার সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিক্ষোভ ঘিরে নিরাপত্তা তদারকির সময় নয়াদিল্লি জেলার উপপুলিশ কমিশনার (ডিসিপি) শচীন শর্মাকেও বডিক্যাম পরা অবস্থায় দেখা যায়।

পুলিশ সূত্র জানিয়েছে, বিক্ষোভের সময় কী ঘটছে এবং পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কী ধরনের কথাবার্তা হচ্ছে, তার ভিডিও রেকর্ড রাখতেই এবার বডিক্যাম ব্যবহার করা হচ্ছে। পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে এসব ভিডিওকে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।

বিশেষ করে গত কয়েক সপ্তাহে ভারতের রাজধানীতে এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে একাধিক বিক্ষোভ হয়েছে। নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী সংগঠন ও রাজনৈতিক দলগুলো যন্তর মন্তরে এসব কর্মসূচি পালন করেছে।

এদিন বিরোধী নেতাদের নির্বাচন কমিশনের কার্যালয় পর্যন্ত মিছিল করার অনুমতি দেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। দেশজুড়ে ভোটার তালিকা পর্যালোচনার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তারা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছেন।

বিক্ষোভ ঘিরে মধ্য দিল্লিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কার্যালয়, অর্থাৎ নির্বাচন সদনের দিকে যাওয়ার সড়কগুলোতে একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। বিপুলসংখ্যক দিল্লি পুলিশ সদস্যের পাশাপাশি আধাসামরিক বাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

প্রয়োজনে বিক্ষোভকারীদের সরিয়ে নিতে ব্যবহার করা হতে পারে এমন কয়েকটি বাসও নির্বাচন ভবনের বাইরে রাখা হয়েছে। মকর দ্বার থেকে অশোক রোড, পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে হয়ে যন্তর মন্তর পর্যন্ত পুরো এলাকায় ব্যারিকেড ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, এই বিক্ষোভের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। এলাকাটিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর রয়েছে।

বিষয়:দিল্লি পুলিশ বিক্ষোভ ভারত শরীরে বডিক্যাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…