বিনোদন

শুটিংয়ে ফোন আনেন না শুভ, বিরতিতে বই পড়েন!

শুটিংয়ে ফোন আনেন না শুভ, বিরতিতে বই পড়েন!

৮ অক্টোবর চরকিতে মুক্তি পেতে যাচ্ছে চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। মুক্তির আগে ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার শো। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার তারকা অভিনেতা আরিফিন শুভ।

প্রিমিয়ার শোতে আরিফিন শুভ সম্পর্কে দারুণ এক তথ্য দিয়েছেন ‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্প, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা ও নির্মাতা জাহিদ প্রীতম।

‘হ্যাপিলি ম্যারিড’-এর শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, “আরিফিন শুভ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ এটা। কিন্তু তিনি খুবই সাপোর্টিভ। শুভ ভাই শুটিংয়ের সময় সেটে ফোন আনেন না, মনিটর দেখেন না। সেটে ব্রেক টাইমে নিজের মতো থাকেন, গান শোনেন, বই পড়েন।”

প্রিমিয়ার শোতে আয়োজনে উপস্থিত দর্শকরা মজা করে সিনেমাটি উপভোগ করেছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে ভালোবাসা ও বিবাহিত জীবনের নানা স্তরের অনুভূতিগুলো পর্দায় দেখতে দেখতে কাটিয়েছেন একটা ভালো সময়। রম–কম, ড্রামা ঘরানার সিনেমা হওয়ায় বিভিন্ন দৃশ্যে দর্শকরা যেমন হেসে উঠেছেন, তেমন হয়েছেন আবেগী।

কী আছে ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমায়? এর গল্প, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা ও নির্মাতা জাহিদ প্রীতম জানিয়েছেন, তিনি বিয়ে করেছেন দেড় বছর হলো এবং ধীরে ধীরে তিনি বুঝতে পারছেন সম্পর্কের নানা স্তর। প্রেমের সময়ের সেই ৪–৫ ঘণ্টার যোগাযোগ, ২৪ ঘণ্টা এক সঙ্গে থাকায় পরিণত হওয়ায় জীবনে কী কী পরিবর্তন আসে, তিনি তা ভালোভাবেই বুঝতে পারছেন।

জাহিদ প্রীতম বলেন,“আমার বন্ধুরা বলেছিল বিয়ের পর বুঝবি, তখন আর প্রেমের গল্প বলতে ইচ্ছা করবে না। কিন্তু আমার সেটা হয়নি বরং আরও স্নিগ্ধ হয়েছে। আমি বাস্তবতার সঙ্গে ডিল করা শিখছি।”

গল্প লেখার শুরু সময়টা জানাতে গিয়ে জাহিদ প্রীতম বলেন, “আমাকে বলা হয়েছিল দর্শককে হাসতে হাসতে একটা গল্প বলতে হবে। যেখানে সম্পর্কের গল্প উঠে আসবে। সেখান থেকেই এই গল্পের শুরু। আমিও চেষ্টা করেছি গল্পে ক্রিটিক্যাল কিছু না করতে। বিবাহিত জীবনে একে অপরের সঙ্গে বোঝাপড়া থাকাটাই আসলে হ্যাপি থাকা। ছোট ছোট সন্দেহ, ছোট ছোট সিদ্ধান্ত আমাদের আলাদা করে দেয়। তাই সেটা না করে ভালোবাসার মানুষের যত্ন নিন, তাকে প্রতিদিন ভালোবাসুন।”

দেশের ওটিটিতে অনেকদিন পর আসছে আরিফিন শুভ অভিনীত কোনো কনটেন্ট। যদিও চিত্রনায়কের কাছে প্রতিটি কাজই তার ‘কামব্যাক’ এবং প্রতিটি কাজই তার কাছে নতুন নতুন চ্যালেঞ্জ। আরিফিন শুভকে পর্দায় আরও বেশি দেখতে চান দর্শকরা, কিন্তু সেই আশা পূরণ হচ্ছে না। শেষে সবাইকে ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমা দেখার আমন্ত্রণ জানান চিত্রনায়ক।

সিনেমাটির সহ প্রযোজক ছবিয়াল। এর পক্ষ থেকে প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, “প্রিমিয়ার শো–তে দর্শকদের যে প্রতিক্রিয়া পেয়েছি, তাতে মনে হচ্ছে এটা অন্যদেরও ভালো লাগবে এবং নিজেদের অনুভূতির সঙ্গে মিলিয়ে নিতে পারবেন।”

সেনশন প্রেজেন্টস ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করলেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। অন্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, তুষার খান, দীপা খন্দকার, ক্রিস্টিয়ানো তন্ময়, উম্মে জামিলাতুন নাঈমা, পারভেজ সুমন, টুইংক ক্যারল। এটি মিনিস্ট্রি অফ লাভ (এমওএল) প্রজেক্টের ৭ম সিনেমা।

বিষয়:আরিফিন শুভ কেয়া পায়েল চরকি জাহিদ প্রীতম হ্যাপিলি ম্যারিড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…