গোপালগঞ্জ

ফোনে বন্ধুদের কাছে ক্ষমা চাওয়ার পরে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের সদর থানার প্রবেশদ্বার, বাংলা ভাষায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের সদর থানার প্রবেশদ্বার, বাংলা ভাষায় লেখা একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জ জেলা শহরের ইসলামপাড়া এলাকার একটি বাসা থেকে সাজিদ হোসেন নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বাসা সাজিদের খালার বাসা।

গতকাল (৩ জুন) সোমবার রাতে গোপালগঞ্জ শহরের পৌরসভা এলাকাধীন ইসলামপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যায় কোন কারণ ছাড়াই বন্ধুদের মুঠোফোনে কল দিয়ে ক্ষমা চায় সাজিদ হোসেন। পরে রাতে ফোন বন্ধ পেয়ে খালার ভাড়াবাসায় যায় বন্ধুরা। বাসায় গিয়ে ডাকাডাকি করেও সাজিদের কোন সাড়া পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে জানালা দিয়ে ঘরের ভেতর সাজিদকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

পরে বিষয়টি এলাকাবাসী ও পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ওই বাসায় গিয়ে দরজা ভেঙে সাজিদের মরদেহ উদ্ধার করে। সাজিদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান সাজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মায়ের মৃত্যুর পর সাজিদ খালার কাছেই বড় হয়েছে। তার খালা একজন চাকুরীজীবি। তিনি গোপালগঞ্জে থাকেন না। সাজিদ একাই খালার ভাড়াবাসায় থাকত।

সরকারি বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাজিদ হোসেনের বাড়ী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রামে। তিনি ওই গ্রামের সফিকুল আলমের ছেলে। তার বাবা রেলওয়ের পুলিশ বিভাগে চাকরি করেন।

বিষয়:কলেজ ছাত্রের মৃত্যু মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…