ফিনল্যান্ডে নিখোঁজের ২৪ দিন পর বাংলাদেশি নাফিস ইস্কান্দারের লাশ উদ্ধার

ফিনল্যান্ডের হ্যামেনলিন্না শহরে হেলসিঙ্কি-তাম্পেরে মহাসড়কের পাশ থেকে বাংলাদেশি নাফিস ইস্কান্দারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৭ নভেম্বর) একটি গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ নাফিসের পরিবারকে জানিয়েছে, গাড়িটি কয়েক দিন ধরে সেখানে পড়ে থাকলেও দুর্ঘটনার বিষয়টি কারও নজরে আসেনি।
পুলিশের তথ্য অনুযায়ী, মোরেনি ও কুমপ্পিতিয়ে র্যাম্পের মাঝামাঝি এলাকায় মহাসড়ক থেকে ছিটকে পাশের সবুজ এলাকায় পড়ে ছিল গাড়িটি। এটি এমনভাবে আড়ালে ছিল যে মহাসড়ক থেকে সহজে দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনার পর বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও কেউ বিষয়টি টের পাননি। পরে পুলিশের দীর্ঘ অনুসন্ধানে গাড়িটির সন্ধান মেলে।
পুলিশ ঘটনাটি দুটি দিক থেকে তদন্ত করছে। একদিকে সড়ক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে নাফিস ইস্কান্দারের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। কীভাবে ও কেন দুর্ঘটনাটি ঘটেছে এবং তার মৃত্যুর সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গত ১২ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন নাফিস। তাকে খুঁজে পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিল ফিনল্যান্ডের পুলিশ।
প্রায় ৫০ বছর বয়সী নাফিসকে সর্বশেষ ১২ অক্টোবর বিকেল ৩টার দিকে তাম্পেরে শহরে দেখা গিয়েছিল।
নাফিস তাম্পেরে থেকে হেলসিঙ্কির উদ্দেশে রওনা হয়েছিলেন। হ্যামেনলিন্না এলাকা অতিক্রম করার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছিল পরিবার।






