ফুটবল

ফিফায় বড় ধরনের সাইবার হামলা

ফিফায় বড় ধরনের সাইবার হামলা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকাররা নিজেদের ফিফার কর্মী পরিচয় দিয়ে সিস্টেমে প্রবেশ করে সংস্থার কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি করেছে। ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে ১২ গিগাবাইটেরও বেশি গোপন নথি হাতিয়ে নেয়ার কথা জানিয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফিফার একজন মুখপাত্র সংবাদমাধ্যমে বলেছেন, ‘ফিফা নিশ্চিত করছে যে, তারা একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে অননুমোদিত ব্যক্তিরা তাদের কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের নিতে পেরেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ফিফা আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।’

গত ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফা-সংক্রান্ত ফাইলের স্ক্রিনশট প্রকাশ করে হামলার দায় স্বীকার করে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’। হ্যাকার গোষ্ঠীটির দাবি, তাদের চুরি করা ১২ গিগাবাইটের বেশি তথ্যের মধ্যে পরিচয়পত্র ও অভিবাসন সংক্রান্ত নথিপত্র, কর্মকর্তাদের তথ্য, আর্থিক নথিপত্র, আইনি কাগজপত্র, অভ্যন্তরীণ প্রশাসনিক নথিপত্র এবং বিভিন্ন স্ক্রিনশট রয়েছে।

তথ্য চুরির এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে ফিফার ওই মুখপাত্র আরও বলেন, ‘ফিফা তথ্য, বিশেষ করে ব্যক্তিগত তথ্য, অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশের ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা জানায়। এ ধরনের কর্মকাণ্ড গোপনীয়তার অধিকারের গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন, যা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বড় ধরনের পরিণতি ডেকে আনতে পারে।’

নাম প্রকাশ না করার শর্তে ফিফার অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, এই ডেটা লঙ্ঘনের ঘটনাটি সংস্থাটির কাছে থাকা মোট তথ্যের ০.১ শতাংশেরও কম। তবে চুরি হওয়া তথ্যের মধ্যে পরিত্যক্ত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবনা সম্পর্কিত কোনো নথি নেই। সূত্রগুলো স্পষ্ট করেছে, হ্যাকাররা কোনো প্রযুক্তিগত ত্রুটির সুযোগ নেয়নি, বরং ফিফার কর্মী সেজে কৌশলে সিস্টেমে প্রবেশাধিকার অর্জন করেছিল।

এই সাইবার হামলায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বা সাধারণ সম্পাদক ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সূত্রের মতে, হামলাটি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নয়, বরং পুরো সংস্থাটিকে লক্ষ্য করেই চালানো হয়েছে। মাত্র তিন মাস আগেই ফিফা এক বিবৃতিতে জানিয়েছিল, ‘ফিফা এবং এর সভাপতিকে দুর্বল করার জন্য কিছু পক্ষ সুপরিকল্পিত ও ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

ফুটবল বিশ্বে সাইবার হামলার ঘটনা এটিই প্রথম নয়। চলতি মাসের শুরুর দিকে স্প্যানিশ লিগ ‘লা লিগা’র একটি ডিজিটাল পরিষেবা প্ল্যাটফর্মেও অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছিল। এছাড়া গত জুলাই মাসে মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর সাংবাদিকদের কাছে অজ্ঞাত উৎস থেকে ইমেইল পাঠানো হলে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও তাদের সিস্টেম হ্যাক হয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছিল।

বিষয়:ফিফা হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…