মরুর বুকে হারানো শহর
কোরআনের 'ইরাম', আলিফ লায়লার মায়ানগর, বেদুইনের মুখে মুখে ফেরা 'উবার'—সব কিংবদন্তি এসে যেন থেমেছে ওমানের মরুভূমির এক ছোট্ট গ্রামে। শিসরের ভাঙা দুর্গ আর ধসে পড়া গুহার কিনারে দাঁড়িয়ে মিথ আর বাস্তবতার সীমানা খুঁজে ফেরার গল্প।

ওমানের সালালাহ শহর থেকে ফেব্রুয়ারির এক সকালে যাত্রা শুরু করলাম সেই হারানো শহরের খোঁজে। সালালাহর সবুজ উপকূল পেছনে ফেলে গাড়ি যখন জোফারের পাহাড় পেরিয়ে উত্তরে নামল, জানালার বাইরের পৃথিবী বদলে গেল কয়েক মিনিটেই। গাছপালা ফিকে হতে হতে মিলিয়ে গেল; সামনে শুধু পাথুরে সমতল, তার ওপর রোদের ঢেউ, মরিচিকা। থুমরাইত পেরিয়ে আরও উত্তরে ছোট একটি সড়ক বেঁকে গেছে মরুভূমির ভেতরে। গন্তব্য শিসর, আরব উপদ্বীপের বিশাল বালুর সমুদ্র রুব আল-খালির, যাকে বলা হয় ‘শূন্য প্রান্তর’, একেবারে দক্ষিণ কিনারের এক গ্রাম।
পথের দুই পাশে হঠাৎ চোখে পড়ে বিশাল সবুজ বৃত্ত। ধু-ধু বালুর মাঝে ঘুরন্ত সেচযন্ত্রে ভেজা গোলাকার ফসলের মাঠ, যেন মরুভূমির গায়ে কেউ পান্নার চাকতি বসিয়ে দিয়েছে। সেই সবুজ পেরোতেই চোখে পড়ল সাইনবোর্ড: স্বাগত, হারানো শহর উবারে।
গাড়ির দরজা খুলতেই মুখে এসে লাগল গরম বাতাসের ঝাপটা। সেই বাতাসে মিশে আছে তপ্ত বালু, শুকনো ঝোপ আর পুরোনো পাথরের এক অদ্ভুত গন্ধ। মরুভূমির গন্ধ বোধ হয় এমনই—যেখানে সময় নিজেও থমকে থাকে।
সালালাহ থেকে প্রায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার উত্তরের এই জায়গাটিকে ঘিরেই প্রায় এক শতাব্দী ধরে চলেছে অভিযাত্রী, প্রত্নতাত্ত্বিক, এমনকি মহাকাশ গবেষকদের খোঁজ। প্রশ্ন একটাই: এটাই কি সেই হারানো শহর?
বালুর নিচে লুকানো কিংবদন্তি
গল্পের শেকড় অনেক গভীরে। কোরআনের সূরা আল-ফজরের ৬ থেকে ৮ নম্বর আয়াতে আদ জাতি ও ‘ইরাম জাতুল ইমাদ’-এর কথা আছে। ভাবার্থ অনেকটা এমন: ‘তুমি কি দেখোনি, তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে কী করেছিলেন—স্তম্ভের অধিকারী ইরামের সঙ্গে, যার মতো কোনো দেশে আর কিছু গড়া হয়নি?’ আদ ছিল সেই জাতি, যারা নবী হুদের (আ.) আহ্বান উপেক্ষা করে ধ্বংস হয়েছিল। ‘ইমাদ’ শব্দটির অর্থ স্তম্ভ, আবার কোনো কোনো অনুবাদক একে তাঁবুর খুঁটিও বলেছেন। ফলে ইরাম একটি শহর, একটি গোত্র, নাকি একটি অঞ্চল, সে প্রশ্নের উত্তরে আজও একমত নয়।
কোরআনের সংক্ষিপ্ত উল্লেখের পেছনের ঘটনা বিস্তারিত বলেছে ইতিহাস ও তাফসিরের প্রাচীন গ্রন্থ। ইবনে জারির তাবারির ‘তারিখুর রুসুল ওয়াল মুলুক’ এবং ইবনে কাসিরের ‘আল-বিদায়া ওয়ান-নিহায়া’-র বিবরণ অনুযায়ী, আদ ছিল দীর্ঘদেহী, শক্তিমান ও সমৃদ্ধ এক জাতি। তারা মূর্তিপূজা করত, উঁচু জায়গায় গড়ত স্মৃতিস্তম্ভ। নবী হুদ (আ.) তাদের এক আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন, কিন্তু তারা উপহাস করে সে দাওয়াত ফিরিয়ে দিল। এরপর টানা তিন বছর তাদের জনপদে বৃষ্টি হলো না; খরায় নিঃশেষ হয়ে এল মানুষ।
বৃষ্টির জন্য দোয়া করতে আদ জাতি প্রায় ৭০ জনের একটি প্রতিনিধিদল পাঠাল মক্কার পবিত্র ভূমিতে। বর্ণনামতে, তাদের মুখপাত্রের দোয়ার পর আকাশে দেখা দিল তিন খণ্ড মেঘ—সাদা, লাল আর কালো; তাঁকে বলা হলো একটি বেছে নিতে। তিনি বেছে নিলেন ঘন কালো মেঘ, ভেবেছিলেন তাতেই আছে সবচেয়ে বেশি পানি। সেই মেঘ যখন আদের উপত্যকার দিকে এগিয়ে এল, মানুষ উল্লাসে বলে উঠল, এ মেঘ আমাদের বৃষ্টি দেবে। সূরা আল-আহকাফের ২৪ নম্বর আয়াতে এই মুহূর্তের বর্ণনা আছে: সেটি বৃষ্টি নয়, ছিল যন্ত্রণাদায়ক শাস্তি বহনকারী এক ঝোড়ো বাতাস।
সূরা আল-হাক্কাহর ৬ থেকে ৮ নম্বর আয়াত বলছে, প্রচণ্ড ঠান্ডা ও গর্জনশীল সেই বাতাস টানা সাত রাত ও আট দিন বয়ে গিয়েছিল। মানুষগুলো লুটিয়ে পড়ে ছিল উপড়ে ফেলা খেজুরগাছের ফাঁপা কাণ্ডের মতো। রক্ষা পেয়েছিলেন কেবল হুদ (আ.) ও তাঁর অনুসারী বিশ্বাসীরা। বালির ঝড়ে ঢেকে যাওয়া জনপদের যে ছবি বেদুইনের লোককথায় ঘুরে ফেরে, তার শেকড় হয়তো এই কাহিনিতেই।
সাহিত্য সেই শূন্যতা ভরিয়েছে কল্পনায়। আলিফ লায়লার এক কাহিনিতে হারানো উট খুঁজতে গিয়ে এক পথিক মরুভূমিতে হঠাৎ পৌঁছে যান সোনা-রুপায় গড়া, মনিমুক্তাখচিত এক জনশূন্য নগরে—’স্তম্ভের নগরী ইরাম’। বেদুইনদের মুখে মুখে ফেরা গল্পে এর নাম ‘উবার’ বা ‘ওয়াবার’—অহংকারের শাস্তি হিসেবে বালির নিচে ডুবে যাওয়া এক ঐশ্বর্যময় জনপদ।

বিশ শতকে এসে এই গল্পের গায়ে লাগে এক মোহনীয় নাম: ‘আটলান্টিস অব দ্য স্যান্ডস’, অর্থাৎ বালুর আটলান্টিস। জনশ্রুতি আছে, ‘লরেন্স অব আরাবিয়া’ খ্যাত টি ই লরেন্স নামটি দিয়েছিলেন, এমনকি উড়োজাহাজে চড়ে শহরটি খোঁজার পরিকল্পনাও করেছিলেন। ১৯৩৫ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে সে সাধ অপূর্ণ থেকে যায়। তবে গবেষকেরা দেখিয়েছেন, লরেন্সের প্রকাশিত কোনো লেখায় এ নাম নেই; ইংরেজ অভিযাত্রী বার্ট্রাম টমাসই সম্ভবত নামটি প্রথম জনসমক্ষে আনেন। কিংবদন্তির গল্পে কিংবদন্তি জমে, এটিও তারই এক নমুনা।
আরও একটি বিভ্রান্তি পরিষ্কার করা দরকার। কোরআন ও আলিফ লায়লায় আছে ‘ইরাম’-এর কথা, ‘উবার’-এর নয়। উবার আর ইরাম একই জায়গা, এই সমীকরণ জনপ্রিয় করেছেন পরবর্তী অভিযানের উদ্যোক্তারা, কিন্তু বেশিরভাগ গবেষক তা মানেন না।
মরুর পথে, মহাকাশের চোখে
আধুনিক অভিযানের শুরু ১৯৩০ সালে। বার্ট্রাম টমাস ১৯৩০-৩১ সালে প্রথম পশ্চিমা হিসেবে রুব আল-খালি পাড়ি দেন। শিসর অঞ্চল পেরিয়ে উত্তরে যাওয়ার পথে তাঁর বেদুইন সঙ্গীরা বালির ওপর কিছু পুরোনো, গভীর চালচিহ্ন দেখিয়ে বলেছিলেন, এটিই ‘উবারের পথ’। শহরটি নাকি আছে বালির নিচে, কিন্তু কোথায়, কেউ জানে না। টমাস পথটি মানচিত্রে টুকে রাখলেও আর ফিরে আসেননি; ১৯৩২ সালে প্রকাশিত তাঁর বই ‘আরাবিয়া ফেলিক্স’-এ রয়ে গেছে সেই ইঙ্গিত।
প্রায় একই সময়ে আরেক ইংরেজ অভিযাত্রী হ্যারি সেন্ট জন ফিলবি উবারের খোঁজে সৌদি আরবের মরুভূমিতে ঘুরছিলেন। শহর নয়, তিনি পেলেন কয়েকটি বিশাল গর্ত আর কালো কাচের মতো গলে যাওয়া বালু। প্রথমে আগ্নেয়গিরির চিহ্ন ভেবেছিলেন; পরে বোঝা গেল, সেগুলো উল্কাপিণ্ড আছড়ে পড়ার গর্ত। আজ এগুলো ‘ওয়াবার ক্রেটার’ নামে পরিচিত। হারানো শহর খুঁজতে গিয়ে আকাশ থেকে পড়া পাথর আবিষ্কার—উবারের গল্পে এমন মোড় বারবার এসেছে। পঞ্চাশের দশকে মার্কিন অভিযাত্রী ওয়েন্ডেল ফিলিপসও জোফারে খোঁজ চালান, তবে উবার ধরা দেয়নি।
মোড় ঘোরে আশির দশকে। লস অ্যাঞ্জেলেসের প্রামাণ্যচিত্রনির্মাতা নিকোলাস ক্ল্যাপ টমাসের বই পড়ে উবারের নেশায় পড়েন। বালির নিচে দেখতে পারে এমন একটি চোখ দরকার ছিল তাঁর। সে চোখ মিলল মার্কিন মহাকাশ সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে (জেপিএল)। ১৯৮৪ সালে মহাকাশযান চ্যালেঞ্জারে উড়েছিল ‘শাটল ইমেজিং রাডার-বি’ নামের এক যন্ত্র। সেই রাডারের ছবির সঙ্গে মার্কিন ল্যান্ডস্যাট ও ফরাসি স্পট উপগ্রহের ছবি মিলিয়ে জেপিএলের বিজ্ঞানীরা খুঁজে পেলেন প্রাচীন ক্যারাভানের পথরেখা। মানচিত্রে সেই পথগুলো এসে মিশেছিল এক জায়গায়—আশ-শিসর।
ক্ল্যাপের দলে ছিলেন আইনজীবী জর্জ আর হেজেস, আরব অঞ্চলে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রত্নতাত্ত্বিক জুরিস জারিন্স এবং ব্রিটিশ অভিযাত্রী স্যার রানুলফ ফাইনস। ফাইনস অভিযানের সম্ভারসমাবেশ সামলান এবং ওমানি পৃষ্ঠপোষক জোগাড়ে সহায়তা করেন। কয়েক দফা মাঠপর্যায়ের অভিযান শেষে ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে ঘোষণা এল: শিসরে মিলেছে এক প্রাচীন দুর্গবেষ্টিত বাণিজ্যকেন্দ্র। এরপর ফাইনস ১৯৯২ সালে ‘আটলান্টিস অব দ্য স্যান্ডস’ এবং ক্ল্যাপ ১৯৯৮ সালে ‘দ্য রোড টু উবার’ নামে বই লেখেন। মহাকাশ প্রযুক্তিকে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে কাজে লাগানোর উদাহরণ হিসেবে শিসরের আবিষ্কার আজও উদ্ধৃত হয়।
ভাঙা দুর্গ, গভীর গহ্বর
দূর থেকে দেখলে মন খানিকটা দমে যায়। সোনার প্রাসাদ নেই, আকাশছোঁয়া স্তম্ভও নেই। আছে চুনাপাথরের খণ্ড খণ্ড দেয়াল, বালির রঙের সঙ্গে মিশে যাওয়া কয়েকটি বুরুজের গোড়া। কিন্তু কাছে গিয়ে দাঁড়ালে পাথরগুলোই যেন কথা বলতে শুরু করে।
ইউনেসকোর পরামর্শক সংস্থা আইকোমোসের মূল্যায়ন অনুযায়ী, প্রায় ৯০ সেন্টিমিটার পুরু চুনাপাথরের দেয়াল একটি অসম পঞ্চভুজের আকারে ঘিরে রেখেছে পাথুরে টিলার ওপরের কেন্দ্রীয় কাঠামো। উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম কোণে দুটি আদি বুরুজ, পরে যোগ হয়েছিল আরও দুটি ঘোড়ার খুরের আকৃতির বুরুজ। পুরো প্রত্নস্থলটি মাত্র ০.৩৬ হেক্টর। এত ছোট একটি জায়গা ঘিরে এত বড় কিংবদন্তি—ভাবতেই অবাক লাগে।

তবে সব দৃষ্টি কেড়ে নেয় দুর্গের পাশের বিশাল গহ্বর। এখানে মাটির নিচে ছিল চুনাপাথরের এক গুহা, যার ভেতরে ছিল সারা বছর পানি দেওয়া এক ঝরনা। কোনো এক সময় গুহার ছাদ ধসে পড়ে, সঙ্গে দুর্গের পশ্চিম দেয়ালের একটা অংশও তলিয়ে যায়। গহ্বরের কিনারে দাঁড়িয়ে নিচে তাকালে বুকের ভেতরটা ফাঁকা লাগে। পঁচিশশো বছর আগে এখানে দাঁড়িয়ে কোনো ক্লান্ত উটচালকও হয়তো একইভাবে নিচে তাকিয়েছিলেন পানির আশায়।
বাতাস বইলে বালি উড়ে এসে জমে দেয়ালের খাঁজে। পায়ের নিচে গরম পাথর, মাথার ওপর নির্মেঘ আকাশ। চারপাশে এমন এক নির্জনতা, যেখানে নিজের পায়ের শব্দও কানে বাজে। দুর্গের দেয়ালে হাত রাখলে মনে হয়, সময়ের স্তর ছুঁয়ে দেখছি।
কিংবদন্তি বনাম প্রত্নতত্ত্ব
গুহার ছাদ ধসে পড়ার এই ঘটনাই হয়তো কিংবদন্তির বাস্তব ভিত্তি। প্রত্নতাত্ত্বিকদের ব্যাখ্যায়, ভূগর্ভের ফাঁপা গুহা ধসেই বসতির একটা অংশ ডেবে গিয়েছিল, ঐশ্বরিক গজবে নয়। সাম্প্রতিক গবেষণা বলছে, ঝরনা শুকিয়ে যাওয়ার পর বসতি পরিত্যক্ত হওয়াই হয়তো ‘বালির নিচে হারিয়ে যাওয়া শহরের’ গল্পের জন্ম দিয়েছে।
সময়রেখা নিয়ে অবশ্য বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে। ইউনেসকোর মূল্যায়ন দলিল বলছে, লৌহযুগেই শিসর ছিল রুব আল-খালিতে পাড়ি জমানো বণিকদের জলের ঘাঁটি, আর খ্রিষ্টপূর্ব ৩০০ সালের মধ্যেই সেটি লোবান-বাণিজ্যের জালে যুক্ত। ইসলামি যুগেও সীমিত বসতি টিকে ছিল। অন্যদিকে জুরিস জারিন্স ও লিন নিউটনের ২০১৯ সালের গবেষণাগ্রন্থের বরাতে বলা হয়, বর্তমান কাঠামোটি খ্রিষ্টীয় চতুর্থ শতকে গড়া এবং পঞ্চদশ-ষোড়শ শতকে পরিত্যক্ত। আশপাশে নব্যপ্রস্তর যুগের বসতির চিহ্নও মিলেছে।
সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি আদৌ উবার? আবিষ্কারক দল দাবি করেছিল হ্যাঁ। কিন্তু ভূতত্ত্ববিদ এইচ স্টুয়ার্ট এজেল ২০০৪ সালে এক গবেষণাপত্রে যুক্তি দেখান, ‘আরবের বালির হারানো শহর’ আসলে এক মিথ। অনেক গবেষকের মতে, উবার কোনো একক শহর নয়, একটি অঞ্চল বা জনগোষ্ঠীর নাম; শিসর সেই অঞ্চলের একটি বাণিজ্যঘাঁটি হতে পারে। আবার কেউ কেউ এখানে দ্বিতীয় শতকের গ্রিক ভূগোলবিদ টলেমির মানচিত্রের ‘ওমানুম এমপোরিয়াম’-এর ছায়া খোঁজেন।
তাই শিসরে দাঁড়িয়ে সৎ উত্তর একটাই: এখানে কোনো সোনার নগর মেলেনি, মিলেছে এক বাস্তব মরুদ্যান, যার পানির টানে শতাব্দীর পর শতাব্দী ক্যারাভান থেমেছে। কিংবদন্তি হয়তো সেই স্মৃতিরই এক রঙিন রূপ।
পানির সে সুরঙ্গ আজও আছে। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পর্যটকদের যেতে দেওয়া হয়। এরপর অন্ধকার। সুরঙ্গের শেষ কোথায় জানা যায় না। ওখানে এখনও দুর্গন্ধ। যেন সভ্যতা পঁচে আজও দুর্গন্ধ ছড়াচ্ছে।

লোবানের পথ, বিশ্বের ঐতিহ্য
শিসরের আসল গল্প লুকিয়ে আছে এক সুগন্ধি গাছের কষে। জোফারের শুকনো উপত্যকায় জন্মায় বোসওয়েলিয়া স্যাক্রা, যার নির্যাস শুকিয়ে হয় লোবান। প্রাচীন পৃথিবীতে এটি ছিল সবচেয়ে দামি বিলাসপণ্যগুলোর একটি। উপকূল আর মরুভূমির মাঝের উঁচু মালভূমি ‘নজদ’ থেকে লোবান যেত সমুদ্রবন্দর সুমহুরামে; আর শিসর ছিল সেই পথের এক ক্যারাভান মরুদ্যান।
এই বাণিজ্যের স্মৃতি রক্ষায় ২০০০ সালে ইউনেসকো চারটি স্থানকে একসঙ্গে বিশ্ব ঐতিহ্যের তালিকায় তোলে। প্রথমে নাম ছিল ‘ফ্র্যাঙ্কইনসেন্স ট্রেইল’, ২০০৫ সালে নাম বদলে হয় ‘ল্যান্ড অব ফ্র্যাঙ্কইনসেন্স’ বা লোবানভূমি। ওয়াদি দাওকা: লোবানগাছের প্রাকৃতিক বাগান, আজও সেখানে লোবান সংগ্রহ হয়। শিসর/ওয়ুবার: মরুভূমির কিনারে ক্যারাভানের জলের ঘাঁটি। খোর রোরি (সুমহুরাম): হাদরামাউতের রাজার গড়া প্রাচীন বন্দর। আল-বালিদ: মধ্যযুগের দুর্গবেষ্টিত বন্দরনগর, এখন সালালাহ শহরের উপকণ্ঠে ইউনেসকোর ভাষ্যে, এই চার স্থান মিলে দক্ষিণ আরবের সভ্যতার অনন্য সাক্ষ্য বহন করে। শাব্দিক অর্থেই এই ঐতিহ্য এখনও জীবন্ত। ওমানি ঘরে, বাজারে, অতিথি আপ্যায়নে আজও মাটির ধুনুচিতে লোবান পোড়ে। সাদা ধোঁয়ার সেই স্নিগ্ধ গন্ধে মিশে থাকে হাজার বছরের বাণিজ্যপথের স্মৃতি।
ফেরার পথে
বিকেল গড়িয়ে যখন ফিরতি পথ ধরলাম, সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। বালির রঙ হলুদ থেকে তামাটে, দুর্গের ছায়া লম্বা হতে হতে গহ্বরের ভেতরে নেমে গেছে। পেছনে তাকিয়ে মনে হল, শহরটি আসলে হারায়নি; হারিয়ে গিয়েছিল তার পথ। সেই পথ খুঁজতে মানুষকে তাকাতে হয়েছে উটের পিঠ থেকে মহাকাশ পর্যন্ত।
মিথ বলে, অহংকারী এক জাতিকে বালি গিলে খেয়েছিল। প্রত্নতত্ত্ব বলে, একটি ঝরনা শুকিয়েছিল, একটি গুহা ধসে পড়েছিল, আর বাণিজ্যের পথ বদলে গিয়েছিল। শিসরে দাঁড়িয়ে বোঝা যায়, দুটি গল্পই আসলে একই সত্যের দুই রূপ—মরুভূমিতে পানি ফুরালে সভ্যতাও ফুরিয়ে যায়।






