ফুটবল

ফিফার ফাঁস হওয়া নথিতে বেরিয়ে এলো ‘বিশ্বকাপ বিক্রির’ ৯৬ বছরের সেই পরিকল্পনা

ফিফার ফাঁস হওয়া নথিতে বেরিয়ে এলো ‘বিশ্বকাপ বিক্রির’ ৯৬ বছরের সেই পরিকল্পনা

২০২৭ সালে ফিফা সভাপতি নির্বাচন, এর আগে আবারও আলোচনায় এক পুরনো ঘটনা, বিশ্বকাপের মালিকানা বিক্রয় বিষয়াদি। জিয়ান্নি ইনফান্তিনোর সেই ব্যর্থ পরিকল্পনা আবারও সামনে এসেছে, নতুন এক তথ্য নিয়ে। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতির উদ্দেশ্য ছিল ৯৬ বছরের জন্য ফিফার সব প্রতিযোগিতা বিক্রি করে দেয়া।

মঙ্গলবার ইংলিশ এক সংবাদ সংস্থা ফিফা এবং সেই পরিকল্পনায় বিনিয়োগকারী জোশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের মধ্যে আদান-প্রদান হওয়া নথি পর্যালোচনা করে সামনে এনেছে। সেখানে উঠে এসেছে এসব তথ্য। আরও জানা গেছে, পরিকল্পিত ২০ বিলিয়ন ডলারের ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস (এফএফই) তার নির্বাহীদের কয়েক কোটি ডলার বোনাস হিসেবে প্রদান করে থাকতে পারে।

ফাঁস হওয়া নথিগুলোতে দেখা যায়, এফএফই কীভাবে চুক্তি সমাপ্তির দিকে এগিয়ে নিয়েছিল। চুক্তি চলতি বছর ছেলেদের বিশ্বকাপের ফাইনালের সপ্তাহেই নিউইয়র্কে হয়েছিল। বিশ্বকাপ ফাইনালের নয় দিন পর প্রকল্পটি প্রকাশ্যে আসে। ফিফার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে ইনফান্তিনো কয়েকদিনের মধ্যে প্রস্তাব প্রত্যাহার করতে বাধ্য হন।

নথিতে উঠে আসে, ফিফার অভ্যন্তরীণ ঝুঁকি মূল্যায়নের বিষয়ও। সংস্থার নিজস্ব অর্থ কর্মকর্তারা এই লেনদেনে সরাসরি অবগত ছিলেন না। ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই চুক্তি অনুযায়ী ফিফা একটি লাভজনক সহযোগী প্রতিষ্ঠান তৈরি করবে। যার কাছে আগামী ৯৬ বছরের জন্য ফিফা প্রতিযোগিতাগুলো বাণিজ্যিক অধিকার ও বাণিজ্যিক ব্যবহারের জন্য হস্তান্তর করা হবে।’

নথিতে দেখা যায়, কুশনারের প্রতিষ্ঠানকে চূড়ান্ত করার আগে ফিফা ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ সংস্থা অ্যাফিনিটি পার্টনার্সের সঙ্গে আলোচনা করছিল। যেখানে ব্যাখ্যা করা হয় কেন ফিফা এখনও দরপত্র প্রক্রিয়া শুরু করেনি।

২০১৬ সালে সভাপতি নির্বাচিত হওয়ার পর ইনফান্তিনো এবারই প্রথম পদে আবারও নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবেন। মরক্কোতে আসছে ১৮ মার্চ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী হলেন, ফ্রান্সের ফিলিপ দিয়ালো এবং জাপানের কোহজো তাশিমা। তবে বিভিন্ন ইংলিশ এবং ইউরোপীয় গণমাধ্যমের ধারণা, ইনফান্তিনো আরও একটি মেয়াদের জন্য নির্বাচিত হবেন। কারণ হিসেবে দেখা হচ্ছে, আর্থিক ও অবকাঠামোগত ভাবে পিছিয়ে থাকা সদস্য দেশগুলোর সঙ্গে তার ভালো সম্পর্ক এবং বিভিন্ন প্রতিশ্রুতি।

বিষয়:জিয়ান্নি ইনফান্তিনো ফিফা ফিফা বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…