বাংলাদেশ

দক্ষ ও কার্যকর সংসদ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: ডেপুটি স্পিকার

দক্ষ ও কার্যকর সংসদ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদকে আরও দক্ষ ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে দেশের যোগ্য ও দক্ষ নাগরিকদের সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের সিক্স সিজনস হোটেলে ‘হাউ ক্যান দি জাতীয় সংসদ বি মেড মোর এফিসিয়েন্ট এন্ড এফেক্টিভ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, দুঃখজনকভাবে দেশের যোগ্য, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের অনেকেই রাজনীতিতে আসতে চান না। তরুণ প্রজন্ম, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী ও সচেতন মানুষকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিতে হবে। জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে এসে নিজেদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও নির্বাচনের ইতিহাস তুলে ধরে কায়সার কামাল বলেন, বাংলাদেশে বারবার গণতন্ত্র ও জনগণের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হয়েছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ২০০৮ সালের পর গণতান্ত্রিক মূল্যবোধ ভূলুণ্ঠিত হয়েছে এবং মানবাধিকার হরণ করা হয়েছে। নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে প্রহসনের নির্বাচন আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দক্ষ ও কার্যকর সংসদ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: ডেপুটি স্পিকার

সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ডেপুটি স্পিকার বলেন, সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে সংসদীয় কার্যক্রম, সংসদীয় কমিটির ক্ষমতা এবং সংসদ সচিবালয়ের স্বাধীনতা ও স্বাতন্ত্র্যসংক্রান্ত বিধান রয়েছে। এসব সাংবিধানিক বিধানের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়েও আলোচনার আহ্বান জানান কায়সার কামাল। তিনি বলেন, সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ, ভিন্নমত তুলে ধরা এবং জনগণের স্বার্থে কার্যকরভাবে সংসদীয় দায়িত্ব পালনের সুযোগ কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন।

বর্তমান সংসদ বিগত যেকোনো সময়ের তুলনায় বেশি কার্যকর বলে মন্তব্য করে তিনি বলেন, সরকারি ও বিরোধী দলের একসঙ্গে কাজ করার চমৎকার পরিবেশ রয়েছে। সংসদকে সত্যিকার অর্থে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার এখনই উপযুক্ত সময়।

তিনি সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারসহ প্রত্যেককে এই দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান, ডেপুটি স্পিকার

ঢাকায় দি রয়্যাল নরওয়েজিয়ান এ্যাম্বাসির সহায়তায় ঢাকা ট্রিবিউন আয়োজিত এ সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন ও নুসরাত তাবাসসুম জ্যোতিসহ সংবিধান বিশেষজ্ঞ, কূটনীতিক, নরওয়েজিয়ান এ্যাম্বাসির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রবিজ্ঞানীরা অংশ নেন।

বিষয়:ঐক্যবদ্ধ জাতীয় সংসদ ডেপুটি স্পিকার দক্ষ ও কার্যকর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…