আলোচনায় আছে গত মৌসুমে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় আসা ইলকাই গুন্ডোয়ান চলতি গ্রীষ্ম দলবদলে ক্লাব ছাড়তে চাচ্ছেন। এরমাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন জার্মান তারকা। ক্লাব ক্যারিয়ারে পরবর্তী গন্তব্য কোথায় সেটি নিয়ে চলছে জল্পনা। বার্সা ছেড়ে তুরস্ক ও সৌদি ক্লাবে যোগ দেয়ার প্রস্তুতির কথা খবর এলেও নতুন তথ্য, গুন্ডোয়ানকে ফেরাতে চায় ম্যানসিটি।
বার্সেলোনার নতুন কোচ হ্যান্সি ফ্লিকও চান গুন্ডোয়ান ন্যু ক্যাম্পেই থাকুক। তবে ক্লাবকর্তারা যদি ভালো প্রস্তাব পান এবং যদি গুন্ডোয়ানকে ছেড়ে দিতে চান, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই বার্সা কোচের।
অন্যদিকে গত মৌসুমে গুন্ডোয়ানকে ছাড়তে চাননি ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। বার্সা ছাড়ার আলোচনা শুরুর পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি নতুন করে চুক্তি করতে চাচ্ছে গুন্ডোয়ানের সঙ্গে।
সিটিজেনদের হয়ে সাত মৌসুম খেলেছেন গুন্ডোয়ান। জিতেছেন পাঁচটি লিগ শিরোপা, দুটি এফএ কাপ, চারটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ক্যারিয়ারের লম্বা একটি সময় পার করেছেন গার্দিওলার অধীনে।








