আলোচনায় আছে গত মৌসুমে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় আসা ইলকাই গুন্ডোয়ান চলতি গ্রীষ্মের দলবদলে ক্লাব ছাড়তে চাচ্ছেন। এরমাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন জার্মান তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের কথা জানিয়েছেন গুন্ডোয়ান। গতমাসে শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানিকে নেতৃত্ব দিয়েছিলেন ৩৩ বর্ষী মিডফিল্ডার। বিদায়বার্তায় লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহের ভাবনা চিন্তায় এ সিদ্ধান্তে এসেছি যে জাতীয় দলকে বিদায় বলার এটাই সময়।’
‘দেশের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব অর্জন করেছি। ২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের সময় স্বপ্নেও ভাবিনি এতদূর আসতে পারব। আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তটি ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে নেতৃত্ব দেয়া। অনেক বছর পর দেশের মানুষকে গর্বিত করতে পেরেছি।’
‘আশা করি, জার্মানি জাতীয় দল দারুণভাবে এগিয়ে যাবে। আশা করি ২০২৬ বিশ্বকাপেও তারা দারুণ করবে। আমাদের চমৎকার একজন কোচ আছেন, শক্তিশালী একটা দল আছে, আর আছে টিম স্পিরিট।’
জার্মানির হয়ে একযুগের বেশি সময়ের পথচলায় ৮২ ম্যাচে ১৯ গোল করেছেন বার্সেলোনার মিডফিল্ডার। । ২০২৩ সালে হয়েছেন জার্মানির বর্ষসেরা ফুটবলার।







