ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কাইলিয়ান এমবাপের ফ্রান্স, স্পেনের কাছে হেরে ইউরো অভিযান শেষ হয়েছে স্বাগতিক জার্মানির। এবার সেমিতে প্রতিযোগিতা তিনবারের চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের। মাঠের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।
জার্মানিতে চলতি ১৭তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। ৭০ হাজার দর্শক ধারণ ক্ষমতার আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।
গ্রুপপর্বে অস্ট্রিয়াকে হারাতে পারলেও নেদারল্যান্ডস ও পোল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে শেষ ষোলোয় ওঠে এমবাপে বাহিনী। সেরা ষোলোতে শক্তিশালী বেলজিয়ামকে বিদায় করে ওঠে কোয়ার্টারে। ২০১৬ ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে পর্তুগালের কাছে হেরে রানার্সআপে ফিরতে হয়েছিল ফরাসিদের। আট বছর আগের হারের প্রতিশোধটা আগেভাগে নিয়েছে দিদিয়ের দেশমের দল। কোয়ার্টারে রোনালদোদের বিদায় করে সেমিতে পা রেখেছে।
চলতি আসরে গ্রুপপর্বে ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা পায় স্পেন। পরে সেরা ষোলোতে জর্জিয়া ও কোয়ার্টারে স্বাগতিক জার্মানিকে বিদায় করে অপরাজিত থেকে সেমিতে পা রেখেছে লুইস দে লা ফুয়েন্তের দল।
সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ৩৬বার মুখোমুখি হয়েছে স্পেন-ফ্রান্স। দুদলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি স্পেনিয়ার্ডদের। স্পেনের ১৬ জয়ের বিপরীতে ফ্রান্সের জয় ১৩টিতে। বাকি ৭ ম্যাচ ড্র হয়েছে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এপর্যন্ত ৯বার দেখা হয়েছে দুদলের। স্পেনের ৫ জয়ের বিপরীতে ফ্রান্সের ৩ জয় এবং ড্র হয়েছে এক ম্যাচ। ঘরের মাঠে পাঁচ ম্যাচে দুটি করে জয়-পরাজয় ও একটি ড্র রয়েছে স্পেনের।
অন্যদিকে, অ্যাওয়েতে ৮ ম্যাচের মধ্যে ৩টি করে জয়-পরাজয়ের সঙ্গে ড্র হয়েছে ২ ম্যাচে। ২০২১ সালের ইউরোর পর ৩ ম্যাচে কোনটিতে জয়ের দেখা পায়নি কেউ। ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। অন্যদিকে, অ্যাওয়েতে ৪ ম্যাচের মধ্যে ৩ জয় ও এক পরাজয় রয়েছে তাদের।







