চলতি মৌসুমে সাউদাম্পটনের বিপক্ষে কোন ম্যাচেই জয় পায়নি ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল। অন্যদিকে ঘরের মাঠে তাদের বিপক্ষে ২৩ ম্যাচের কোনটিই হারেনি আর্সেনাল। এমন বাস্তবতায় পয়েন্ট টেবিলের তলানির সাউদাম্পটনের বিপক্ষে কোনোমতে হার এড়িয়েছে মিকেল আর্তেতার দল। লিগ শিরোপা জয়ের পথ কঠিন হয়ে উঠেছে তাতে।
এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার রাতের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে আর্সেনাল। গোল তিনটি করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মার্টিন ওডেগার ও বুকায়ো সাকা। সাউদাম্পটনের তিন গোল কার্লোস আলকারাস, থিও ওয়ালকট ও দুয়ে চালেতা-চারের।
টানা তিন ম্যাচ ড্র করেও ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্তেতার দল। তবে টানা পয়েন্ট হারানোয় ১৯ বছর পর লিগ শিরোপা জয়ের আশা অনেকটাই ফিকে হচ্ছে। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি, তাদের সম্ভাবনা কিছুটা হলেও বাড়ছে। আর্সেনালের বিপক্ষে বুধবার পরের ম্যাচে মাঠে নামবে দুইয়ে থাকা ম্যানসিটি।
ম্যাচ শেষে আর্তেতা বলেছেন, ‘আমি অপেক্ষা করতে পারছি না, এই খেলাগুলোর সম্মুখীন হতেই হবে। সবকিছু যখন ঝুঁকির মধ্যে থাকে, তখন জেতার জন্যই এগিয়ে যেতে হবে। এটা নিশ্চিত যে, ম্যাচটির জন্য আমাদের ভালোভাবেই প্রস্তুতি নিতে হবে।’
‘এটাই খেলার সৌন্দর্য। ম্যানচেস্টারে আমাদের একটি অবিশ্বাস্য ভ্রমণ দরকার এবং এজন্য আমাদের সত্যিই ভালো করে প্রস্তুতি নিতে হবে।’
ম্যানসিটির বিপক্ষে ম্যাচের আগে আর্তেতা অবশ্য জানালেন, দলের আত্মবিশ্বাসের কোন ঘাটতি নেই। আবার স্বীকারও করছেন রক্ষণে আরও উন্নতি দরকার।
৪১ বর্ষী কোচ বলেছেন, ‘আত্মবিশ্বাসের অভাব দেখছি না। মাঝে মধ্যে খেলোয়াড়দের মধ্যে দারুণ কিছু দেখতে পাই। তারা সবাই ঝুঁকি নিতে প্রস্তুত থাকে। আমরা আজকের ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়ার পরও ৩-৩ গোলে সমতায় গিয়েছি, যদিও শেষ পর্যন্ত আমাদের জয় নিয়েই মাঠ ছাড়া উচিত ছিল। তাছাড়া রক্ষণে এখনও কাজ বাকি আছে।’








