চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ

চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে পৌর শহরের পৃথক তিনটি স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুলের পুরাতন বাজার এলাকার বাড়ি, শান্তিপাড়ায় বিএনপি নেতা হুমায়ুনের ব্যবসাপ্রতিষ্ঠান এবং যুবদল কর্মী নাসিমের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়।
খবর পেয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলগুলো পরিদর্শন করে। সেখান থেকে বোমার আলামত উদ্ধার করেছে পুলিশ।
দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। রোববার সকালে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন বলেও জানান তিনি।
দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে।






