মুন্সিগঞ্জে সংঘর্ষের সময় নদীতে নিখোঁজ আলমগীরের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় মেঘনার শাখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আলমগীর দালালের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার (২৮ নভেম্বর) সকালে স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে নদীতে ঝাঁপ দেন আলমগীর। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালালেও কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সেলিম নামে এক যুবক নিহত হন। শিশুসহ আহত হন অন্তত পাঁচজন। সংঘর্ষের সময় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আলমগীর দালাল।






