জনপদ

মাদারীপুরে বিএনপি-নিষিদ্ধ আওয়ামী লীগ সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে বিএনপি-নিষিদ্ধ আওয়ামী লীগ সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে কালকিনি পৌর মাছ বাজার এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছ বাজার অতিক্রম করে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও পাল্টা মিছিল বের করেন।

একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় উভয় পক্ষের ছোড়া হাতবোমার বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, তারা শান্তিতে বিশ্বাস করেন এবং কোনো ধরনের দ্বন্দ্ব চান না। তবে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা নৈরাজ্য সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি।

ওসি সোলাইমান মাহমুদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি মোতায়েন করা হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয়:আওয়ামী লীগ বিএনপি মাদারীপুর সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…