ক্রিকেট

‘স্যান্ডপেপারগেট’ ভুলে এগিয়ে যেতে বলছেন কুক, ‘লালা’ ফেরানোর পক্ষে

‘স্যান্ডপেপারগেট’ ভুলে এগিয়ে যেতে বলছেন কুক, ‘লালা’ ফেরানোর পক্ষে

আট বছর আগের স্যান্ডপেপারগেট বিতর্ক নিয়ে আর কথা না বলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। বল উজ্জ্বল করতে ‘লালা’ ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও বলেছেন। প্রাণবন্ত টেস্ট পিচ তৈরির পক্ষে বলেছেন তিনি।

ভারতে এক অনুষ্ঠানে কুক ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং বিতর্ক নিয়ে চলমান আলোচনায় বিরক্তি প্রকাশ করেছেন। বলেছেন, ‘অন্যান্য দেশের মতোই আমাদের প্রতিক্রিয়াও একই, স্যান্ডপেপারগেট নিয়ে কথা বলতে বলতে সবাই এখন ক্লান্ত। যা হওয়ার হয়ে গেছে, বিষয়টি খতিয়ে দেখার জন্য তাদের নিজস্ব ব্যবস্থা রয়েছে। সত্যিই চাই না এটি থেকে আর কোন নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হোক। বিশেষ করে তিনজন ব্যক্তি (স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট) শাস্তি ভোগ করেছেন। ক্রিকেট খেলার এখন সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং ক্রিকেটের ভবিষ্যৎ সম্ভাবনার দিকে নজর দেয়া প্রয়োজন।’

লালা ব্যবহারের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার পক্ষে কুকের মত, ‘এতে আমার কোন সমস্যা নেই। এটি ফিরে এলে খুশিই হবো। এতে কারো কোন ক্ষতি হবে না। পিচের দিকে নজর দেয়াও গুরুত্বপূর্ণ। ড্রপ-ইন পিচের মতো বিষয়গুলোতে বিনিয়োগ প্রয়োজন। কারণ, যদি ভালো উইকেট তৈরি করে খেলার মধ্যে উত্তেজনা ফিরিয়ে আনতে পারেন, সবার মধ্যে একটি সমঝোতা তৈরি হবে।’

বিশ্বজুড়ে বোলারদের সহায়ক ও প্রাণবন্ত উইকেট তৈরিতে জোর দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার, ‘চাই আগের মতো ভালো ও প্রাণবন্ত পিচগুলো ফিরে আসুক। এখন এমন পিচ তৈরি করা কিছুটা কঠিন। ইংল্যান্ড অবশ্য কাজটি বেশ ভালোভাবে করে, তাই না? শুধু ইংল্যান্ডে নয়, বিশ্ব ক্রিকেটের সর্বত্রই এমন পিচ প্রয়োজন। পিচগুলোকে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করা যেতে পারে। এটি টেস্ট ক্রিকেটকে আরও শক্তিশালী করে তুলবে।’

বিষয়:অ্যালিস্টfর কুক স্যান্ডপেপারগেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…