পরিবেশ

ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়তে পারে বন্যার ঝুঁকি

ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়তে পারে বন্যার ঝুঁকি

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভান ঘণ্টায় মাত্র ৩ কিলোমিটার গতিতে এগোচ্ছে। ঘূর্ণিঝড়ের ধীরগতির কারণে উপকূলীয় এলাকায় দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হতে পারে। এতে নদীর পানি বেড়ে বন্যার ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে শুধু ঘূর্ণিঝড়ের গতির ওপর এর ধ্বংসক্ষমতা নির্ভর করে না।

বুধবার ১৮ নভেম্বর ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার (২০ নভেম্বর) অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এ পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি তেলেঙ্গানা ও ওডিশাতেও সতর্কতা জারি করা হয়েছে।

২০২১ সালে জার্নাল অব হাইড্রোমেটিওরোলজিতে প্রকাশিত এক গবেষণায় ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত উপকূলে আঘাত হানা ২৮০টি ঘূর্ণিঝড় বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ঘূর্ণিঝড়ের অগ্রসর হওয়ার গতি এবং বন্যার তীব্রতার মধ্যে উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে। ধীরগতির ঘূর্ণিঝড়ে সাধারণত কোনো এলাকায় দীর্ঘ সময় বৃষ্টি হয়। ফলে সেখানে পানির পরিমাণ জমে নদীভাঙন ও বন্যার ঝুঁকি বাড়তে পারে।

২০২২ সালে নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত আরেক গবেষণায় ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত উপগ্রহের মাধ্যমে পাওয়া বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ঘূর্ণিঝড়ের গতির সঙ্গে বৃষ্টির গড় হারের সম্পর্ক রয়েছে। দ্রুতগতির ঘূর্ণিঝড়ে গড়ে বৃষ্টির হার ধীরগতির ঘূর্ণিঝড়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি।

তবে দ্রুতগতির ঘূর্ণিঝড়েই যে কোনো এলাকায় মোট বৃষ্টিপাত বেশি হবে, এমন নয়। ধীরগতির ঘূর্ণিঝড় দীর্ঘ সময় একই অঞ্চলের ওপর অবস্থান করায় সেখানে মোট বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। গবেষকদের মতে, ঘূর্ণিঝড়ের গতি ছাড়াও এর তীব্রতা, আকার, বৃষ্টিপাতের বিস্তৃতি, গতিপথ এবং আশপাশের আবহাওয়াব্যবস্থার সঙ্গে মিথস্ক্রিয়া ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে ভূমিকা রাখে।

আকভানের ক্ষেত্রে আবহাওয়াবিদদের উদ্বেগের আরেকটি কারণ হলো, অল্প সময়ের ব্যবধানে বঙ্গোপসাগরে তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি। এর আগে গত ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ-ইয়ানাম উপকূলের নারসাপুরের কাছে আঘাত হানে ঘূর্ণিঝড় অর্ণব। এরপর ৩ নভেম্বর ওঙ্গোলের কাছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় মুরাসু।

সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ থাকে। তবে অল্প সময়ে তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি সমুদ্রের পানিতে তাপের আধিক্য এবং এল নিনোর প্রভাবের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

জাতিসংঘের সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে এল নিনোর উষ্ণতাজনিত প্রভাব বেড়েছে। আগামী ডিসেম্বরে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

এর আগে ১৯৭৬ ও ১৯৮৭ সালেও এল নিনোর প্রভাবে এক মাসের মধ্যে অন্ধ্রপ্রদেশে তিনটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল। ওই দুই বছরও এল নিনোর বছর ছিল।

বিষয়:ঘূর্ণিঝড় আকভান বন্যার ঝুঁকি বৃষ্টিপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…