সূরা আল-ফুরকান: আল্লাহর প্রিয় বান্দাদের ১০টি বিশেষ বৈশিষ্ট্য

ছবি: সংগৃহীত
মানুষের জীবনে সফলতা বলতে আমরা সাধারণত অর্থ, সম্পদ, সম্মান কিংবা সামাজিক অবস্থানকে বুঝি। কিন্তু ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তার প্রিয় বান্দা হিসেবে জীবন পরিচালনা করা। পবিত্র কোরআনের সূরা আল-ফুরকানে আল্লাহ এমন কিছু মানুষের বৈশিষ্ট্য তুলে ধরেছেন, যাঁদের তিনি ‘ইবাদুর রহমান’ বা পরম করুণাময়ের বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন।
সূরা আল-ফুরকানের ৬৩ থেকে ৭৬ নম্বর আয়াতে আল্লাহর প্রিয় বান্দাদের জীবনযাপন, আচরণ, ইবাদত ও নৈতিকতার বিভিন্ন দিক বর্ণনা করা হয়েছে। এসব আয়াত থেকে একজন মুমিনের জীবনে অনুসরণীয় ১০টি বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়।
১. বিনয়ী ও নম্র স্বভাবের অধিকারী
আল্লাহর প্রিয় বান্দারা পৃথিবীতে অহংকার নিয়ে চলাফেরা করেন না। তারা মানুষের সঙ্গে নম্র ও বিনয়ী আচরণ করেন। নিজেদের বড় মনে করেন না কিংবা অন্যকে ছোট করে দেখেন না। তাদের চলাফেরা ও কথাবার্তায় প্রকাশ পায় বিনয়।
২. মূর্খদের সঙ্গে বিবাদে জড়ান না
কেউ তাদের সঙ্গে খারাপ আচরণ করলে কিংবা অজ্ঞতাপূর্ণ কথা বললে তারা উত্তেজিত হয়ে ঝগড়ায় জড়ান না। বরং শান্ত ও মার্জিতভাবে পরিস্থিতি এড়িয়ে যান। সূরা আল-ফুরকানের ৬৩ নম্বর আয়াতে বলা হয়েছে, অজ্ঞ ব্যক্তিরা তাদের সম্বোধন করলে তারা বলেন, ‘সালাম’।
৩. রাতের বেলায় ইবাদতে সময় কাটান
আল্লাহর প্রিয় বান্দারা শুধু দিনের বেলায় নয়, রাতের নির্জনতায়ও আল্লাহকে স্মরণ করেন। তারা রাতের একটি অংশ সিজদা ও কিয়ামে কাটান। মানুষের চোখের আড়ালে আল্লাহর কাছে নিজেদের প্রার্থনা ও ইবাদত তুলে ধরেন।
৪. জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চান
তারা নিজেদের আমল নিয়ে অহংকার করেন না। বরং সব সময় আল্লাহর কাছে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চান। তাদের বিশ্বাস, আল্লাহর রহমত ছাড়া কারও মুক্তি সম্ভব নয়। তাই তারা নিয়মিত দোয়া করেন, যেন আল্লাহ তাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করেন।
৫. ব্যয়ের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখেন
আল্লাহর প্রিয় বান্দারা অর্থ ব্যয়ের ক্ষেত্রে অপচয় কিংবা কৃপণতা কোনোটিই করেন না। প্রয়োজন অনুযায়ী খরচ করেন এবং জীবনে ভারসাম্য বজায় রাখেন। তারা সম্পদের অপব্যবহার করেন না, আবার প্রয়োজনের সময় অন্যের জন্য ব্যয় করতেও পিছপা হন না।
৬. শিরক থেকে দূরে থাকেন
তারা একমাত্র আল্লাহর ইবাদত করেন এবং তার সঙ্গে কাউকে শরিক করেন না। আল্লাহর পাশাপাশি অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করেন না। তাওহিদের প্রতি অবিচল থাকা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
৭. অন্যায়ভাবে কাউকে হত্যা করেন না
মানুষের জীবনের প্রতি তারা শ্রদ্ধাশীল। আল্লাহ যে প্রাণকে সম্মানিত করেছেন, অন্যায়ভাবে সেই প্রাণ কেড়ে নেওয়া থেকে তারা বিরত থাকেন। কারও জীবন নষ্ট করা কিংবা নিরপরাধ মানুষের ক্ষতি করাকে তাঁরা গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করেন।
৮. ব্যভিচার ও অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকেন
আল্লাহর প্রিয় বান্দারা নিজেদের চরিত্র ও পবিত্রতা রক্ষা করেন। তারা ব্যভিচার, অশ্লীলতা এবং অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকেন। ব্যক্তিগত জীবনেও আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করেন।
৯. মিথ্যা ও অসার কাজ পরিহার করেন
তারা মিথ্যা সাক্ষ্য দেন না এবং অসত্য কাজে অংশ নেন না। অনর্থক, অশোভন কিংবা অসার কোনো বিষয়ের মুখোমুখি হলে মর্যাদা ও সচেতনতার সঙ্গে তা এড়িয়ে যান। সত্যবাদিতা ও নৈতিকতা তাদের চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ।
১০. কোরআনের আয়াত থেকে শিক্ষা গ্রহণ করেন
আল্লাহর প্রিয় বান্দাদের সামনে যখন কোরআনের আয়াত পাঠ করা হয়, তখন তারা তা উপেক্ষা করেন না। বরং মনোযোগ দিয়ে শোনেন, উপলব্ধি করেন এবং নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করেন। আল্লাহর নির্দেশনা তাদের জীবন পরিচালনার অন্যতম ভিত্তি।
সুন্দর পরিবার ও আদর্শ নেতৃত্বের জন্য দোয়া করেন
এ ছাড়া সূরা আল-ফুরকানের পরবর্তী আয়াতগুলোতে আল্লাহর প্রিয় বান্দাদের আরও একটি সুন্দর বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। তারা আল্লাহর কাছে এমন জীবনসঙ্গী ও সন্তানের জন্য দোয়া করেন, যারা তাদের চোখের প্রশান্তি হবে। একই সঙ্গে তাঁরা চান, যেন আল্লাহভীরু মানুষের জন্য আদর্শ হতে পারেন।
সূরা আল-ফুরকানের এসব আয়াত আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য শুধু আনুষ্ঠানিক ইবাদত নয়, সুন্দর চরিত্র, বিনয়, সত্যবাদিতা, পারিবারিক দায়িত্ববোধ এবং মানুষের প্রতি ন্যায়সংগত আচরণও জরুরি। একজন মানুষের প্রকৃত পরিচয় তাঁর সম্পদ কিংবা সামাজিক অবস্থানে নয়; বরং তাঁর বিশ্বাস, কাজ ও নৈতিকতায় প্রকাশ পায়।



