টানা ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়কে পানি জমে নাগরিক চলাচলে সাময়িক দুর্ভোগ দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রোববার (১২ জুলাই) গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, আগারগাঁও, উত্তরা, দিয়াবাড়ি ও মোহাম্মদপুরসহ ডিএনসিসির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায়।
ডিএনসিসি জানায়, জলাবদ্ধতা দ্রুত নিরসনে পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। ড্রেন ও বক্স কালভার্টের মুখে জমে থাকা বর্জ্য অপসারণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে জরুরি কার্যক্রম অব্যাহত রয়েছে। চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বিভিন্ন স্থানে পানি নিষ্কাশন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট টিমগুলো মাঠে থেকে কাজ চালিয়ে যাবে। তিনি আরও বলেন, দ্রুততম সময়ে জমে থাকা পানি অপসারণ এবং নাগরিক ভোগান্তি কমাতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। পাশাপাশি নগরবাসীকে ড্রেন, খাল ও নালায় বর্জ্য না ফেলে পরিচ্ছন্ন নগর গঠনে সহযোগিতা করার আহ্বান জানান।







