রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি

ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। তবে সব এলাকায় বৃষ্টির দেখা মেলেনি।
সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল আংশিক মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনত্ব বাড়তে থাকে। সন্ধ্যার দিকে প্রথমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। পরে বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হয়।
রাজধানীর নতুন বাজার, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরা ও মিরপুরের বিভিন্ন স্থানে তুলনামূলক ভারী বৃষ্টি হয়েছে। তবে অন্যান্য এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল কম। কিছু এলাকায় বৃষ্টির দেখাও মেলেনি।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে ঢাকা ও দেশের আরও পাঁচ বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা ছিল। পরে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের জন্যও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়।
এদিকে, বৃষ্টির আগেই রাজধানীর বাতাসে শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছিল। আবহাওয়াবিদদের মতে, দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি কিছুটা বাড়লেও রাজধানীতে শীতের আবহ তৈরি হতে পারে নভেম্বরের শেষ দিকে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে পারে শীতের তীব্রতাও।






