করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩৯ জন

স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসের টিকা গ্রহণ করছেন, বাংলাদেশে টিকা কার্যক্রমের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৮১তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩০৮ জন। এইসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৩৯ জন। শনাক্তের হার চার দশমিক ৩৪ শতাংশ।
এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) পাঁচ হাজার ৫০৪টি পরীক্ষায় ২৩৯ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চার দশমিক ৩৪ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৬ লাখ ৫১ হাজার ৭৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ তিন হাজার ৫৮০টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার ৩৭৮টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ সাত হাজার ৮৭০ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৪৮৯ জন সহ মোট ১৯ লাখ ৪৯ হাজার ১৫৪ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ।
মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মৃত একজন পুরুষ। তার সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি আশিঊর্ধ্ব ছিলেন। মৃত ব্যক্তি ঢাকা বিভাগের।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৯ কোটি চার লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ৩৯ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৬ কোটি ২২ লাখের বেশি মানুষ।




