হামে আরও ৭ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন।
রোববার ১১ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে, খুলনা ও রংপুর বিভাগে একজন করে এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮ জনের।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫ হাজার ২৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৩ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪২১ জনে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৮২ হাজার ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।





