কাতার বিশ্বকাপের পর থেকে ছন্দহীনতায় ভুগছে ফুটবল বিশ্বের অন্যতম সেরা শক্তি ব্রাজিল। যার ছাপ পড়েছে কোপা আমেরিকার চলতি আসরেও। উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ডোরিভাল জুনিয়রের দল। আসর থেকে ছিটকে পড়া ম্যাচের একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিস্তারিত না জেনে কেবল একটি ছবি ঘিরে এত আলোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন ৬২ বর্ষী কোচ।
ছবিতে দেখা যায়, টাইব্রেকারের আগে ব্রাজিলের ফুটবলাররা কাঁধে কাঁধ মিলিয়ে গোল হয়ে দাঁড়িয়ে কথা বলছেন। কিন্তু সেই দলীয় বৃত্তে নেই ডোরিভাল। একপর্যায়ে আঙুল উঠিয়ে কিছু একটা বলার চেষ্টা করেন এবং তাকে দেখা যায় বৃত্তের পেছনে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছেন। এমন একটি ছবির সঙ্গে যুক্ত করা হয়েছে উরুগুয়ের কোচের ছবি। যেখানে দেশটির কোচ হাতে কাগজ নিয়ে দলীয় বৃত্তে দাঁড়িয়ে দলকে কিছু বলছিলেন এবং সবাই মনোযোগ দিয়ে শুনেছিলেন।
সেই ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডোরিভালকে নিয়ে হচ্ছে ট্রোল। কথা উঠেছে তার ব্যক্তিত্ব ও দলের উপর নিয়ন্ত্রণ নিয়েও।
কোনকিছু বিস্তারিত না জেনে কেবল একটি ছবিকে ঘিরে এত আলোচনায় ক্ষুব্ধ ব্রাজিল কোচ। বলেছেন, ‘বিষয়টি নিয়ে যা করা হয়েছে, আমার কাছে পুরোপুরি হাস্যকর লেগেছে। তারা আমাকে সরাসরি প্রশ্ন করার প্রয়োজন বোধ করেনি। এমনকি এই ব্যাপারে কিছুই জানতাম না আমি। কেবল একটা ছবিকে তারা এমনভাবে ব্যাখ্যা করেছে যেন এটা ভিনগ্রহের কোনো ব্যাপার। দলে আমার নিয়ন্ত্রণ আছে এবং সব গোছানো হচ্ছে, এটা বোঝাতে কী হাতে ক্লিপবোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে?’
‘আমার খুবই খারাপ লাগছে কথা বলতে। তবে ঘটনা হচ্ছে যে, সামান্য একটা ছবি নিয়ে তারা অযথা বিতর্ক সৃষ্টি করেছে। পেশাদার হিসেবে যদি সম্মান না করে, সবকিছুর উপরে তারা আমাকে একজন পারিবারিক মানুষ হিসেবেও দেখতে পারে, যে সবাইকে ও সবকিছুকে সম্মান করে। যা হয়েছে, এতে আমি খুবই কষ্ট পেয়েছি, একই সঙ্গে খুবই বিরক্ত। যদিও পেশাদারদের জন্য এটা বড় কিছু নয়। এই ধরনের অনেক অভিজ্ঞতাই হয়।’







