ফুটবল

৫ নতুন মুখ নিয়ে জাপান-সিঙ্গাপুরের বিপক্ষে আনচেলত্তির ব্রাজিল

৫ নতুন মুখ নিয়ে জাপান-সিঙ্গাপুরের বিপক্ষে আনচেলত্তির ব্রাজিল

নভেম্বরে এশিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলতে আসবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার ২৬ সদস্যের দল দিয়েছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। প্রথমবার ডাক পেয়েছেন ৫ জন।

সিঙ্গাপুরে আগামী ১৪ নভেম্বর জাপানের মুখোমুখি হওয়ার পর, ১৭ নভেম্বর স্বাগতিকদের বিপক্ষে নামবে ব্রাজিল।

বিশ্বকাপে শেষ ষোলোয় বিদায় নেয়ার পর থেকে ব্রাজিল দলে চলছে পরীক্ষা-নিরীক্ষা। সেই ধারাবাহিকতায় নতুন ডাক পেলেন জোনাথন জেসাস, আন্দ্রে লুইজ ,অ্যালান ইলিয়াস ,মারলন গোমেজ ও অ্যালিসন সান্তানা।

কোচ কার্লো আনচেলত্তি নতুনদের নিয়ে বলেছেন, ‘এটি এমন একটি সময়, যখন প্রতিপক্ষের সক্ষমতার চেয়ে আমাদের নিজেদের করণীয় বিষয়ে বেশি মনোযোগ দেয়া প্রয়োজন। দলের পুনর্গঠন প্রক্রিয়া এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের খুঁজে বের করার উপর জোর দিতে হবে।’

‘আমাদের দল বেশ ভারসাম্যপূর্ণ এবং তরুণদের নিয়ে গড়া, এটি এমন একটি দল, যা মূলত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। আমাদের ভালো খেলার মাধ্যমে দলের পুনর্গঠন প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। আমাদের একমাত্র লক্ষ্য হল, ম্যাচ জেতা, সেই লক্ষ্য অর্জনে সর্বোচ্চ চেষ্টা করার পাশাপাশি এই তরুণদের ধারাবাহিক উন্নতির দিকেও নজর রাখতে হবে।’

ঘরোয়া লিগের ক্লাব ফ্লেমেঙ্গো ও পালমেইরাসের কাউকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ঘরোয়া লিগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর কথা মাথায় রেখে সংশ্লিষ্ট ক্লাবগুলোর ক্ষতি এড়াতে এই সিদ্ধান্ত। তবে দেশটির অন্য ক্লাবগুলো থেকে ৬ জনকে দলে রাখা হয়েছে।

ব্রাজিল দল
গোলরক্ষক: বেন্তো, লুকাস পেরি, পেদ্রো মরিস্কো।
ডিফেন্ডার: আর্থার দিয়াস, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহেয়েস, জাইর কুনহা, জোনাথন জেসাস, ভেন্ডারসন, ভিটর রেইস ও ওয়েসলি।
মিডফিল্ড: আন্দ্রে লুইজ, আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারায়েস, দানিলো সান্তোস, গ্যাব্রিয়েল বোন্তেম্পো, জোয়াও গোমেজ, মারলন গোমেজ।
ফরোয়ার্ড: অ্যালিসন সান্তানা, অ্যালান, এন্দ্রিক, এস্তেভাও, রাফিনহা, রায়ান, ভিনিসিয়াস জুনিয়র।

বিষয়:কার্লো আনচেলত্তি জাপান ব্রাজিল সিঙ্গাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…