আর্জেন্টিনার মিডফিল্ডার জিওভানি লো সেলসো ইনজুরি থেকে সেরে না ওঠায় কাতার বিশ্বকাপে খেলতে পারবেন না। ভিলারিয়ালে খেলা ২৬ বর্ষী ফুটবলারের হ্যামস্ট্রিং ইনজুরি গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার করাতে হবে।
যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বা ভিলারিয়াল কেউই এখনও বিষয়টি নিশ্চিত করেনি। বর্তমানে টটেনহ্যাম হটস্পার থেকে লোনে ভিয়ারিয়ালে খেলছেন সেলসো।
গত রোববার অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে চোট পাওয়ায় ২৪ মিনিটের মাথায় লো সেলসোকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। মেডিকেল পরীক্ষার পর তার হ্যামস্ট্রিং ইনজুরি ধরা পড়ে।
সেলসোর ইনজুরির প্রসঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি গণমাধ্যমকে বলেছেন, স্পেন থেকে তাকে আর্জেন্টিনায় আনার কোনো দরকার নেই। তাকে সেখানে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। আমি চাই সে সুস্থ হয়ে উঠুক।
স্কালোনির এমন মন্তব্যের পরই পরিষ্কার হয়ে যায় যে, মেসিদের সঙ্গে কাতারে আর কোনোভাবেই সেলসোর যাওয়া হচ্ছে না।








