‘বিএসপিএ বিয়ন্ড বর্ডার’স মিডিয়া ওয়ার্কশপ ও অভিজ্ঞতা বিনিময় থাইল্যান্ড যাচ্ছে বিএসপিএ

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) এর ২০ সদস্যের একটি প্রতিনিধি দল থাইল্যান্ড যাচ্ছে। ‘বিএসপিএ বিয়ন্ড বর্ডারস: মিডিয়া ওয়ার্কশপ অ্যান্ড নলেজ শেয়ারিং ভিজিট-থাইল্যান্ড ২০২৬’ নামের এ আন্তর্জাতিক সফরটি হবে পাঁচ দিনের। সফরে তিনটি ফুটবল ম্যাচ খেলবে বিএসপিএ দলটি। রোববার সংবাদ সম্মেলনে বিএসপিএ সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ মিনিফুটবল অ্যাসোসিয়েশনের (বিএমএফএ) আয়োজনে এই সফরে বিএসপিএ এবং থাইল্যান্ড স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মধ্যে একটি মতবিনিময়মূলক মিডিয়া ওয়ার্কশপ ও জ্ঞান বিনিময় সেশন অনুষ্ঠিত হবে। দ্বিপাক্ষিক পেশাদার সম্পর্ক জোরদার করা এবং আধুনিক ক্রীড়া সাংবাদিকতা ও উদীয়মান ক্রীড়া সংস্করণ সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ই এই আয়োজনের মূল লক্ষ্য।
এ সফরে বিএসপিএ ফুটবল দল, থাইল্যান্ড ও ভিয়েতনামের দলের বিপক্ষে তিনটি প্রীতি ফুটবল ম্যাচেও অংশ নেবে।
রোববার ঢাকায় বিএসপিএ কার্যালয়ে (হোম অব বিএসপিএ) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও জার্সি উন্মোচন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান, বিএমএফএ-র প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড মিনিফুটবল ফেডারেশনের (ডব্লিউএমএফ) কান্ট্রি মেম্বার তাওসিফুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা জাহিদ হাসান এমিলি। এ সময় উভয় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএমএফএ’র নেতৃবৃন্দ মিনিফুটবলের স্বতন্ত্র সংস্করণ ও নিয়মকানুন সম্পর্কে ফুটবল প্রেমীদের সচেতন করতে চলমান উদ্যোগগুলোর কথা তুলে ধরেন। ডব্লিউএমএফ পরিচালিত ছয়জনের (সিক্স-এ-সাইড) টার্ফভিত্তিক খেলাটি ফুটসাল থেকে কীভাবে আলাদা, সে বিষয়েও আলোকপাত করা হয়। সম্প্রতি ওয়ার্ল্ড মিনিফুটবল ফেডারেশনের আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পর, বিএমএফএ বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডসহ দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোকে নিয়ে একটি জাতীয় পর্যায়ের মিনিফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের প্রাচীনতম ও বৃহত্তম সংগঠন হিসেবে বিএসপিএ-কে স্বীকৃতি জানিয়ে বিএমএফএ তাদের সঙ্গে এই অংশীদারিত্ব গড়ে তুলেছে। আসন্ন ঘরোয়া প্রতিযোগিতাগুলোর আগে দেশব্যাপী মিনিফুটবলকে জনপ্রিয় করে তুলতে এবং গণমাধ্যমে এ বিষয়ে আরও বেশি সচেতনতা তৈরির লক্ষ্যেই এই সফরটির আয়োজন করা হয়েছে।





