৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪১৬ জন
তিন বছরের অপেক্ষার অবসান

অবশেষে তিন বছরের অপেক্ষা শেষ হলো ৪৬তম বিসিএসের চাকরিপ্রার্থীদের। বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশের নয় মাসের বেশি সময় পর কর্মস্থলে যোগদানের সুযোগ পেলেন তারা।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
৪৬তম বিসিএসে চূড়ান্তভাবে ১ হাজার ৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। তাদের মধ্যে ১ হাজার ৪১৬ জনের নাম প্রকাশিত গেজেটে স্থান পেয়েছে।
৪৬তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের বাধাও কাটতে যাচ্ছে। একাধিক বিসিএসে একই প্রার্থীর ক্যাডার পদে সুপারিশ পাওয়ার জটিলতা এড়াতে অপেক্ষায় ছিল পিএসসি।
কমিশন সূত্রে জানা গেছে, এই সমন্বয় ছাড়া ৫০তম বিসিএসের ফল প্রকাশ করা হলে ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থাকার আশঙ্কা ছিল। এখন দ্রুত চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ জন।
২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন। একই বছরের ৯ মে ফল প্রকাশ করা হলেও পরে তা পুনর্মূল্যায়ন করা হয়। ২৭ নভেম্বর সংশোধিত ফলাফলে ২১ হাজার ৩৯৭ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়।
২০২৫ সালের জুলাই ও আগস্টে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই বছরের ২৭ নভেম্বর ফল প্রকাশের পর কারিগরি ত্রুটি সংশোধন শেষে ৪ হাজার ৫০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৫৭ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করে পিএসসি। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনসহ নিয়োগের আনুষ্ঠানিকতা শেষ করতে আরও নয় মাসের বেশি সময় লেগেছে।
গেজেট প্রকাশে প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরলেও একটি বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শেষ করতে তিন বছর সময় লাগায় উদ্বেগ জানিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা।
তাদের মতে, নিয়োগে দীর্ঘসূত্রতার কারণে চাকরিপ্রার্থীদের কর্মজীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। একই সঙ্গে সরকারি পদ দীর্ঘদিন শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতিতে পিএসসির ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নের পাশাপাশি পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা ও প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া আধুনিকায়নের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।





