পর্যটকের জন্য আফ্রিকার ৮ অপরূপ দ্বীপ

নোসি বে মাদাগাস্কার দ্বীপ
বিশ্বের জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে আফ্রিকার মরিশাস, সিশেলস ও ক্যানারি দ্বীপপুঞ্জ খুবই পরিচিত পর্যটকদের কাছে। প্রতিবছর এসব দ্বীপে ভিড় করেন অসংখ্য পর্যটক।
তবে আফ্রিকায় এমন আরও কিছু দ্বীপ রয়েছে- যেগুলোর প্রাকৃতিক সৌন্দর্য, বন্য প্রাণী, নির্জন সমুদ্রসৈকত ও বৈচিত্র্যময় সংস্কৃতি এখনো অনেক পর্যটকের কাছে অজানা। পর্যটকদের ভিড় এড়িয়ে নতুন কোনো জায়গা ঘুরে দেখতে চাইলে এসব দ্বীপ হতে পারে আকর্ষণীয় গন্তব্য।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ভ্রমণবিষয়ক প্রতিবেদনে আফ্রিকার এমন আটটি দ্বীপের কথা তুলে ধরা হয়েছে।
নুসি বে, মাদাগাস্কার
মাদাগাস্কারের উত্তর-পশ্চিম উপকূলের কাছে অবস্থিত নুসি বে। স্থানীয় মালাগাসি ভাষায় এর অর্থ বড় দ্বীপ। দ্বীপটির দক্ষিণে রয়েছে লোকোবে নেচার রিজার্ভ। সেখানে দেখা মেলে বিরল প্রজাতির গিরগিটি, পেঁচা ও বিভিন্ন প্রজাতির লেমুরের। সাদা বালুর সৈকত ও স্বচ্ছ পানির জন্যও জায়গাটি পর্যটকদের কাছে আকর্ষণীয়।
বাজারুতো, মোজাম্বিক
ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত পাঁচটি দ্বীপের সমন্বয়ে গঠিত বাজারুতো দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ এটি। বিশাল বালিয়াড়ি, নির্জন সৈকত ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য পরিচিত বাজারুতো। এখানে দেখা যায় সামুদ্রিক কচ্ছপ, ডুগং ও বিভিন্ন বিরল সামুদ্রিক প্রাণী। ডাইভিং, স্নরকেলিং ও বালিয়াড়িতে স্যান্ডবোর্ডিংয়ের সুযোগও রয়েছে।

লামু, কেনিয়া
কেনিয়ার উত্তর-পূর্ব উপকূলের কাছে অবস্থিত লামু দ্বীপে এখনো টিকে আছে সোয়াহিলি সংস্কৃতি। পুরোনো মসজিদ, ঐতিহাসিক দুর্গ, কাঠের তৈরি পালতোলা নৌকা এবং ঐতিহ্যবাহী স্থাপত্য দ্বীপটির বিশেষ আকর্ষণ। এখানকার সৈকত ও ঐতিহাসিক স্থাপনাগুলো পর্যটকদের ভিন্ন অভিজ্ঞতা দেয়।
ফোগো, কেপ ভার্দে
পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত ফোগো দ্বীপের পরিচিতি কালো বালুর সৈকত, আগ্নেয়গিরি ও লাভায় গঠিত ভূপ্রকৃতির জন্য। দ্বীপটির প্রধান আকর্ষণ পিকো দো ফোগো আগ্নেয়গিরি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৮০০ মিটার উঁচু এই আগ্নেয়গিরিতে স্থানীয় গাইডের সহায়তায় পর্বতারোহণের সুযোগ রয়েছে।

রিইউনিয়ন, ফরাসি অঞ্চল
মাদাগাস্কারের পূর্বে ভারত মহাসাগরে অবস্থিত রিইউনিয়ন দ্বীপ। নারকেলগাছ, আখের খেত, আগ্নেয়গিরি ও পাহাড়ি পথ দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়েছে। এখানে রয়েছে সাদা ও কালো বালুর সৈকত। পাশাপাশি পাহাড়ে ট্রেকিং, ফরাসি খাবার এবং ক্রেওল সংস্কৃতির অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে।
এলিফ্যানটাইন, মিসর
নীল নদের মাঝখানে আসওয়ান শহরের কাছে অবস্থিত এলিফ্যানটাইন দ্বীপ। প্রাচীন মিসরীয় সভ্যতার নানা নিদর্শন ছড়িয়ে রয়েছে এখানে। প্রায় ৩ হাজার ২০০ খ্রিষ্টপূর্বাব্দের মন্দিরের ধ্বংসাবশেষ এবং নীল নদের পানির উচ্চতা মাপার প্রাচীন স্থাপনা দ্বীপটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে। নীল নদের বুকে পালতোলা নৌকা চলাচলের দৃশ্যও পর্যটকদের মুগ্ধ করে।
বিসাগোস দ্বীপপুঞ্জ, গিনি-বিসাউ
আটলান্টিক মহাসাগরের পশ্চিম আফ্রিকা উপকূলে অবস্থিত ৮৮টি দ্বীপের সমষ্টি বিসাগোস দ্বীপপুঞ্জ। ম্যানগ্রোভ বন, জলাভূমি, তৃণভূমি ও গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলের জন্য এটি বিশেষভাবে পরিচিত। এখানে বিরল সামুদ্রিক জলহস্তীসহ নানা বন্য প্রাণীর দেখা মেলে। জীববৈচিত্র্যের কারণে ১৯৯৫ সালে এলাকাটিকে ইউনেসকো বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়।

পেম্বা, তানজানিয়া
তানজানিয়ার পেম্বা দ্বীপ জাঞ্জিবারের কাছাকাছি অবস্থিত। তবে পর্যটকদের কাছে তুলনামূলক কম পরিচিত এই দ্বীপের রয়েছে দৃষ্টিনন্দন সৈকত ও সমৃদ্ধ প্রবালপ্রাচীর। এখানে ৩০টির বেশি ডাইভিং স্পট রয়েছে। সামুদ্রিক প্রাণী, প্রবালপ্রাচীর ও জুলাই-আগস্টে পরিযায়ী হাম্পব্যাক তিমি দেখার সুযোগ দ্বীপটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এসব দ্বীপে যাতায়াতের ক্ষেত্রে বিমান, ফেরি ও নৌকার সুবিধা রয়েছে। তবে কোনো কোনো দ্বীপে পৌঁছাতে একাধিক যানবাহন ব্যবহার করতে হয়। পর্যটকদের কাছে এখনো তুলনামূলক কম পরিচিত হওয়ায় প্রকৃতির কাছাকাছি নিরিবিলি সময় কাটানোর সুযোগ রয়েছে এসব গন্তব্যে।






