আন্তর্জাতিক

সরকার গঠনের সংকট কাটাতে দুই প্রতিদ্বন্দ্বীর বৈঠক

সরকার গঠনের সংকট কাটাতে দুই প্রতিদ্বন্দ্বীর বৈঠক

অক্টোবর মাসে ইসরায়েলে অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহু (বাঁয়ে) ও আইজেনকোট (ডানে)

ইসরায়েলে নির্বাচনের পর সরকার গঠন নিয়ে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা কাটাতে আলোচনায় বসেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। সংকট নিরসনে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ভিত্তিতে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু।

রোববার (২৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি এবং আইজেনকটের চারদলীয় জোট ৪৮টি আসন পায়। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, জাতীয় ঐক্যের সরকার গঠনের স্বার্থে আইজেনকটকে প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে রাজি আছেন তিনি। মেয়াদের শুরুতে নিজে বিকল্প প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলেও জানান।

নেতানিয়াহুর প্রস্তাবের পর প্রকৃত ও দ্রুত আলোচনার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকট। তিনি বলেন, লিকুদ পার্টি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আগ্রহী হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের আন্তরিকতা যাচাই করতে প্রস্তুত তিনি।

এর আগে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিন সময় দেন। আগামী ৬ ডিসেম্বর সেই সময়সীমা শেষ হবে। ইতোমধ্যে দুটি দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে সমঝোতায় পৌঁছালেও আরব ও কট্টর ধর্মীয় দলগুলোর সঙ্গে সমঝোতার জটিলতায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেননি তিনি।

এবারের নির্বাচনে আরব নেতৃত্বাধীন দুটি জোট রেকর্ড ১৯টি আসন পেয়েছে। ফলে সরকার গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। তবে ইসরায়েলের অধিকাংশ ইহুদি রাজনৈতিক দল নির্বাচনের আগেই আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছিল।

উল্লেখ্য, ইসরায়েলের ইতিহাসে কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে প্রতিবারই জোট সরকার গঠন করতে হয়েছে। রাজনৈতিক বিভক্তি ও সরকার গঠন নিয়ে মতবিরোধের কারণে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে দেশটিতে পাঁচবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিষয়:নেতা গাদি আইজেনকট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠক সংকট সরকার গঠন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…