২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার মাঠে শুরুতে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। পরে মিলেছিল পেনাল্টিও। চোট কাটিয়ে ফেরা ভিনিসিয়াস জুনিয়র সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। উল্টো শেষ ১০ মিনিটে ১০ জন নিয়ে খেলেছে স্বাগতিকরা। ব্রাজিল তবুও জালের দেখা না পেলে শেষপর্যন্ত এক পয়েন্ট নিয়ে ফিরেছে ডোরিভাল জুনিয়রের দল।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বৃহস্পতিবার রাতে ভেনেজুয়েলার মাঠে ১-১এ ড্র করেছে ব্রাজিল। রাফিনহার গোলে সেলেসাওরা এগিয়ে গেলে সমতা টানেন তেলাসকো সাগাভিয়া।
ম্যাচের ৪৩ মিনিটে ফ্রি-কিক থেকে রাফিনহার গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ান দলটি। বাঁ-পায়ের দারুণ শটে ডান পোস্ট দিয়ে গোল করেন বার্সেলোনা তারকা। ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে তার প্রথম গোল।
ম্যাচে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩৮ সেকেন্ডে বক্সের মাথা থেকে জোরাল শটে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান বদলি নামা মিডফিল্ডার তেলাসকো।
৬৩ মিনিটে ভেনেজুয়েলার বক্সে গোলকিপার রাফায়েল রোমোর ফাউলের শিকার হন ভিনিসিয়াস। ভিএআর দেখে রেফারি পেনাল্টি দিলেও সুযোগ কাজে লাগাতে পারেননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
ড্রয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠেছে ব্রাজিল। ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ভেনেজুয়েলা। টেবিলের সেরা ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে।







