ব্রাজিল-আর্জেন্টিনা এবং বাংলাদেশকে নিয়ে আয়োজিত হতে চলেছে লাতিন-বাংলা সুপার কাপ-২০২৫। ডিসেম্বরের ৫ থেকে ১১ তারিখ ঢাকায় বসবে আসর। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুক্রবার সংবাদ সম্মেলন জানিয়েছে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।
লাতিন-বাংলা সুপার কাপ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং লাতিন অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। প্রতিযোগিতায় ব্রাজিল, আর্জেন্টিনার বিভিন্ন ক্লাব থেকে বাছাই করা খেলোয়াড় এবং দেশের সেরা তরুণ খেলোয়াড়দের নিয়ে গঠিত বাংলাদেশ হাই পারফরম্যান্স টিম।
বাংলাদেশে আয়োজিত হতে চলা সুপারকাপে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কাফু। বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় ডিসেম্বর মাসে ঢাকায় আসার কথা জানিয়েছেন তিনি। আর্জেন্টিনা থেকেও সাবেক এক খেলোয়াড় প্রতিনিধি হিসেবে বাংলাদেশে আসবেন।
তিন দেশ নিয়ে আয়োজিত সুপার কাপে ব্রাজিল, আর্জেন্টিনা এবং বাংলাদেশ সবাই সবার সাথে একটি করে ম্যাচ খেলবে। ৫,৮ এবং ১১ ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে সবগুলো খেলা হবে যা শুরু হবে সন্ধ্যা ৭টায়।
লাতিন-বাংলা সুপার কাপের আয়োজক প্রতিষ্ঠানের এম. ডি আসাদুজ্জামান বললেন, ‘আমাদের আয়োজনে সম্প্রতি শেষ হওয়া অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে খেলা ব্রাজিলের দুজন খেলোয়াড় খেলতে আসবে। যারা আসবে সব খেলোয়াড়ের তালিকা আমরা দিব। টিকিটের দাম আমরা পরে ঠিক করে দিব।’
‘কাফু ১১ তারিখ সকাল ৮টায় বাংলাদেশে নামবে। দুদিন থাকবে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম খেলা ব্রাজিলের সাথে হবে। আর্জেন্টিনা থেকে ভেরন, বাতিস্তুতা এবং ক্যানেজিয়ার সাথে কথা বলেছি, তাদের কেউ একজন আসবে। চুক্তিপত্র হাতে না পাওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি না।’
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন, এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের প্রমোটার মেহেদী হাসান বাঁধন, মিডিয়া এন্ড কমিউনিকেশনস প্রধান আতিকুল ইসলাম শাকিল এবং সিকিউরিটি এন্ড প্রটোকল উপদেষ্টা পুলিশের সাবেক ডিআইজি আবুল কালাম আজাদ।








